২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নিয়োগে অনিয়মে সৌদি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রী

বাংলাদেশ দেশে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের জন্য দায়ী সৌদি আরবের রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 06:25 PM

Updated : 10 Oct 2022, 09:47 PM

মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ওদের ওখানে (সৌদি আরব) গিয়ে সমস্যা পড়তে হয় অনেক সময়। সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে।

”আমাদের এখানে মন্ত্রণালয় আছে, বিএমইটি আছে, সৌদি কোনো রিক্রুটিং অ্যাজেন্ট যদি কোনো রং কাজ করে, আমরা কিন্তু এখান থেকে ব্লক করে দিব। আমরা ওদের কাছে আমাদের মানুষ পাঠাব না।”

অভিবাসী দিবসকে সামনে রেখে কর্মসূচি জানাতে আগের দিন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে এসে প্রবাসী শ্রমিকদের নিয়ে বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন মন্ত্রী।

তিনি বলেন, সরকারের সাম্প্রতিক উদ্যোগে কিছুটা পরিবর্তন এসেছে। সমস্যা পুরোপুরি মোকাবেলায় আরও সময় দরকার।

“গৃহকর্মীদের নির্যাতন ঠেকাতে সৌদি সরকার নতুন একটি অভিযোগ সেল খুলেছে। এবং সেখানে বলা আছে, যেখানে যেখানে অভিযোগ আসবে ব্যবস্থা নিবে।”

সৌদি নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা পরিচালনায় প্রবাসী শ্রমিকদের প্রতিনিধি নিয়োগের ক্ষমতা দেওয়ায় এখন পরিস্থিতির পরিবর্তন হবে বলে মন্ত্রী মনে করেন।

”আগে ছিল, লাঞ্ছিত বা হয়রানির পর অভিযোগকারী না থাকলে সে কেস চলে না। এখন পাওয়ার অব অ্যাটর্নি অভিযোগ তিনি পাওয়ার অব অ্যাটর্নি আমাদের অ্যাম্বাসিকে দিতে পারে। ওরা কেস চালিয়ে যাবে।”

বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের খরচ কমাতে সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, “সব ধরনের লেনদেন আমরা ব্যাংকের মাধ্যমে করতে চাই। হাতে হাতে কোনো লেনদেন হওয়া উচিত না। আমরা আইনকানুন ওভাবে বানাচ্ছি। যাতে যে যেতে চায় বা নির্বাচিত হয়, সরকারি পয়সা যেটা আছে সেটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সেটার মাধ্যমে আমরা চাচ্ছি, এটা কিছুটা কনট্রোলে আনা যায় কি-না।”

এদিকে বিদেশ যাওয়ার আগে মজুরির বিষয়টি রিক্রুটিং এজেন্সির কাছ থেকে বুঝে নেওয়ার পরামর্শ শ্রমিকদের উদ্দেশ্যে দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

অভিবাসন ব্যয়ের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “সরকার যখন একটা রেট সেট করে দেয়, এর উপরে পেমেন্ট যদি কেউ করে এটা মূলত নিজের দায়িত্বে করে। কারণ আমাদের শ্রমিকরা যেটা ভুল করে, কত টাকা দিলে আমি কত টাকা আয় করব, দুই বছরের কন্ট্রাক্টে, এটা কিন্তু কেউ দেখে না।

”এটা মূলত রিক্রুটিং কোম্পানির দায়িত্ব থাকা উচিত, উনাদেরকে জানিয়ে দেওয়া, তুমি এখানে ১০ লাখ টাকা খরচ করবা, তোমার কিন্তু দুই বছরে তিন লাখ টাকা ফেরত পাবা।”

এক্ষেত্রে ভোগান্তিতে পড়ার কারণ হিসাবে রিক্রুটিং এজেন্সি ও দালালদের দায়ী করেন মন্ত্রী।

তিনি বলেন, “এক্ষেত্রে রিক্রুটিং অ্যাজেন্সি ও দালালের দায়দায়িত্ব চলে আসে। দালালরা ওখানে এমন বুঝ দেয়, তোমার বেতন ১০০ টাকা, তুমি ওভারটাইমে পেয়ে যাবা ২০০ টাকা। এর মধ্যে তুমি খরচ উঠাতে পারবে। এ ধরনের ব্যাখ্যা ভুয়া।

”আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা বিদেশ যেতে চায়, প্লিজ আপনারা বেতন কত পাবেন, এটা ভালো করে বুঝে নিবেন। আপনার রিক্রুটিং এজেন্টের কাছ থেকে বুঝে নিবেন। দালাল যে একটা বুঝ দেয়, ওই বুঝ নেবেন না।”

প্রবাস থেকে ফেরত পাঠানো শ্রমিকদের অন্তর্ভুক্তির জন্য রিইন্টিগ্রেশন সেন্টার খোলা হচ্ছে বলে এক প্রশ্নে জানান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।

তিনি বলেন, “এয়ারপোর্টের পাশে একটি রিইন্টিগ্রেশন সেন্টার করব। এছাড়া যারা ফেরত আসল, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে, তারা যদি পুনরায় বিদেশে ফেরত যেতে চায়, তাদেরকে আমরা পাঠাব।”

এছাড়া প্রশিক্ষণ দিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রিইন্টিগ্রেশন করার চেষ্টা করব।”

’দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ স্লোগান নিয়ে বুধবার বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হবে।

উদযাপনের অংশ হিসাবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানমালার আয়োজন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ১৪টি দেশের ৪২ জন অনাবাসী বাংলাদেশিকে সিআইপি সম্মাননা দেওয়ার পাশাপাশি প্রবাসীদের জন্য প্রবর্তিত বীমা কর্মসূচির উদ্বোধন করা হবে।