২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহু দামে কেনা দেশ ‘এখনো নিরাপদ নয়’

মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির সক্রিয় থাকায় দেশ এখনো ’নিরাপদ নয়’ বলে আক্ষেপ ঝরেছে এক মুক্তিযোদ্ধার কণ্ঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2019, 08:56 PM

Updated : 10 Oct 2022, 09:47 PM

সোমবার বিজয়ের বার্ষিকীতে একাত্তরের সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব বলেন, “আমরা স্বাধীনতার ৪৮ বছর পরেও মনে করতে পারি না, আমাদের সেই রক্তার্জিত, আমাদের সেই কষ্টার্জিত বহু দামে কেনা যে স্বাধীনতা এখনো নিরাপদ আছে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশের শত্রুরা আজও কিন্তু সক্রিয়।”

তরুণদের প্রতি তিনি বলেন, “আমরা চাই, আমাদের এই তরুণ প্রজন্মের মানুষ যেন সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করে, যা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মানবিক বাংলাদেশ।”

হারুন হাবীব সেই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন, যে সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালে আত্মসমর্পণ করেছিল পরাজিত পাকিস্তানি সেনারা।

আত্মসমর্পণের সময় ৪টা ৩২ মিনিটকে কেন্দ্র করেই এদিন বিজয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম।

সংগঠনের মহাসচিব বলেন, “আমরা সৌভাগ্যবান, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমরা সৌভাগ্যবান, কারণ আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গ্রামেগঞ্জে শত সহস্র তরুণ প্রতিরোধ করতে পেরেছিলাম।

”আমরা সেই প্রজন্মের মানুষ দেখতে চাই, যারা আজকের প্রজন্ম, নতুন, তারা যেন সেই স্বাধীনতাকে, যেই পতাকা মুক্তিযোদ্ধাদের হাত থেকে নতুন প্রজন্মের হাতে সমর্পিত হয়েছে, সেই পতাকার সম্মান যেন তারা রক্ষা করতে পারে।”

সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বীরউত্তমও স্বাধীনতার ঝাণ্ডা উচ্চকিত রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান।

”আমি তোমাদের বলি, তোমাদের জন্ম এমন এক দেশে যারা অন্যায় কখনো বরদাস্ত করে না। অন্যায় বরদাস্ত করে না বলেই আজকে আমরা এখনো সিধা হয়ে দাঁড়িয়ে আছি,” তরুণদের উদ্দেশ্যে বলে মুক্তিযুদ্ধে এস ফোর্সের প্রধান।

নিজের দেখা পাকিস্তানিদের আত্মসমর্পণের ঘটনা বর্ণনা করে সফিউল্লাহ বলেন, “সেই দিনের কথা যখন মনে পড়ে, তখন ভাবি পাকিস্তানিরা আমাদের যে হুমকি-ধমকি দিত, দেখেছি আসলে তারা ভীতু। যুদ্ধ করতে জানত না ভীতু হওয়ার কারণে।”

অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য সর্বশক্তি নিয়োগের শপথ

বিজয় উদযাপন অনুষ্ঠানে তরুণ প্রজন্মের হাতে পতাকা হস্তান্তরের পাশাপাশি শপথবাক্যও পাঠ করানো হয়।

উপস্থিত সবাই মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সর্বশক্তি নিয়োগের শপথ করেন।

শপথবাক্যে বলা হয়, “আমরা প্রতিজ্ঞা করছি যে, ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা আমাদের জীবনের সর্বশক্তি নিয়োগ করব।

”আমরা এও প্রতিজ্ঞা করছি যে, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করব।”

উপস্থিত সবাই শপথ করেন, “বাংলাদেশের মাটিতে একাত্তরের সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে আমাদের সর্বাত্মক সংগ্রাম অব্যাহত রাখব।”

অনুষ্ঠানে আত্মসমর্পণের ঘটনাক্রম মঞ্চায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য পরিষদের কর্মীরা। নৃত্য পরিবেশন করে মৌলভীবাজারের কুলাউড়ার নাচের দল ‘নৃত্যালয়’।

ম. হামিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশ কয়েকটি গানও পরিবেশন করা হয়।