২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শুরু ঢাকা লিট ফেস্টের নবম আসর

দেশি-বিদেশি কবি- সাহিত্যিক, লেখক, অনুবাদক, অভিনেতা-অভিনেত্রী বাৎসরিক মিলনমেলা ‘ঢাকা লিট’ ফেস্ট’র এর নবম আসর শুরু হচ্ছে বৃহস্পিতবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2019, 04:47 PM

Updated : 18 Aug 2022, 06:02 PM

বাংলা একাডেমিতে তিনদিনের (৭-৯ নভেম্বর) এই উৎসবে পাঁচ মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নেবেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌।

সেখানে আরও উপস্থিত ছিলেন ফেস্টের টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, প্লাটিনাম স্পন্সর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ এবং আহসান আকবর।

উৎসবের এবারের আয়োজনে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত বুকারপ্রাপ্ত ব্রিটিশ লেখক মনিকা আলী, ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথা সাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল।

দুই বাংলার জনপ্রিয় বাংলাভাষী লেখক শংকরও আসছেন। সঙ্গে থাকছেন বাংলাশের জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন।

সাদাফ আরও বলেন, শুধুই যে লিট ফেস্টের ৯০টির বেশি সেশন অনুষ্ঠিত হবে তা নয়, এখানে রয়েছে বইয়ের সমারোহ, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার উন্মুক্ত মঞ্চ। বই প্রকাশ এবং বইয়ের মোড়ক উন্মোচনও হবে।লোকশিল্পীদের উপস্থিতিও থাকবে এই আয়জনে, থাকছেন শিল্পী চন্দনা, মাইজভাণ্ডারি শিল্পীগোষ্ঠী।

তিনি বলেন, “আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরা।”

এছাড়াও অংশ নিচ্ছেন ভারতীয় সাংবাদিক প্রেয়াগ আকবর, প্রিয়াঙ্কা দুবে, ফিনিশ সাংবাদিক মিন্না লিন্ডগ্রেন, ডিএসসি পুরস্কারপ্রাপ্ত লেখক এইচএম নাকভি, ব্রাজিলের কথাসাহিত্যিক ইয়ারা রড্রিগেজসহ আরও অনেকে।

এক প্রশ্নে সাদাফ বলেন, ঢাকা লিট ফেস্ট ২০২০ বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে। আর এবছর জাতির জনককে নিয়ে থাকছে বেশকটি অধিবেশন।

এই উৎসবের প্রথম দিনে দেওয়া হবে বাংলাদেশের সাহিত্য সম্মাননা জেমকন সাহিত্য পুরস্কার। দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’। প্রদর্শন শেষে চলচ্চিত্র নির্মাতা পিপলু খান বলবেন এর নির্মাণ অভিজ্ঞতা নিয়ে। এছাড়া ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৌশিক মুখার্জি আসছেন তার চলচ্চিত্র নিয়ে আলাপ করতে।

উৎসবটির প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত সবার জন্য মুখর থাকবে বিভিন্ন আয়োজনে।

দর্শনার্থী ও সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সকল অঙ্গনের মানুষের জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে করতে হবে একটি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া ই-টিকেটটি ব্যবহৃত হবে প্রবেশপত্র হিসেবে।

তবে সবার সুবিধার্থে ই-টিকেটটি প্রিন্ট বা ইলেকট্রোনিক ডিভাইসে বহন গ্রহণযোগ্য হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করতে হবে এই ঠিকানায়: https://www.dhakalitfest.com/register

বিশেষ এ আয়োজনে অংশ নিতে যাওয়া বিশেষ বক্তাদের সর্ম্পকে জানা যাবে https://www.dhakalitfest.com/2019

এই ঠিকানায়, যেখানে তুলে ধরা হয়েছে আয়োজনে অংশগ্রহণকারীদের পরিচয় থেকে শুরু করে সংক্ষিপ্ত আদ্যোপান্ত।

ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়।