২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরার হত্যা: রিমান্ড শেষে কারাগারে সেতু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার এস এম মাহমুদ সেতুকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2019, 08:11 PM

Updated : 18 Aug 2022, 06:01 PM

শনিবার চার দিনের রিমান্ড শেষে সেতুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ অক্টোবর সেতুর চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এস এম মাহমুদ সেতুকে রাজধানীর বাংলামোটর থেকে ২৭ অক্টোবর সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।

বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র সেতুর নাম আবরার হত্যা মামলায় নেই। গ্রেপ্তার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে আবরারকে নির্যাতনে সেতুর জড়িত থাকার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সেতুসহ আবরার হত্যাকাণ্ডের মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার মধ্যে আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী।

গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে মারা যান তড়িৎ কৌশলের ছাত্র আবরার।