সন্তুষ্ট মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চার বছরের দায়িত্বের শেষ কর্মদিবসে সন্তুষ্টির কথা জানালেন মোহাম্মদ শফিউল আলম।
দেশে কাজের পাট চুকিয়ে শফিউল আলম ২৯ অক্টোবর থেকে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে যোগ দিচ্ছেন তিনি।
তার জায়গায় মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আসছেন সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন শফিউল আলম, মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এটিই ছিল তার শেষ ব্রিফিং।
তিনি বলেন, “মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আমার শেষ সেশন ছিল, তাই মন্ত্রিসভা আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।”
বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমি আজকে ঠিক চার বছর পূর্ণ করলাম। ২০১৫ সালের ২৯ অক্টোবর শুরু করেছি, ২৮ অক্টোবর শেষ করলাম। সবার দোয়ায় আমি আজ রাতেই ওয়াশিংটন যাচ্ছি।”
দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান মন্ত্রিপরিষদ সচিব।
“আপনাদের সাথে একসঙ্গে কাজ করেছি, খুব স্বাচ্ছন্দ্য ফিল করেছি আপনাদের সাথে কাজ করতে। আপনারা প্রাইভেট সেক্টরে কাজ করেন আমরা সরকারি কাজ করি- এ রকম কখনও মনে হয়নি। আমরা একসঙ্গে কলিগের মতো কাজ করেছি। সবাই মিলে কাজ করেছি। আপনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা।
“এরপরও আমাদের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি-বিচ্যুতি থাকে, কোনো কিছুর ব্যত্যয় হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকবেন।”
চার বছরে ভাল ও খারাপ অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে শফিউল আলম বলেন, “আমাদের কেবিনেটের অনেকগুলো অর্জন আছে। আমি ব্যক্তিগতভাবে নিজে খুবই স্যাটিসফাইড।
“আপনারা বুঝতে পারেন কিনা জানি না, আমাদের অনেক বড় একটি পরিবর্তন হল- আমরা দিনের কাজ দিনে শেষ করি। আজকে কেবিনেট মিটিং আজকে প্রসিডিং সই হয়ে শেষ। আর যদি বেশি বড় হয় তবে হয়তো রাতে প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠাই, রাতেই তিনি সই করে দেন।”
“হয়তো আমরা ১০টায় আমরা মিটিং করলাম, ১২/১টার দিকে আমরা রেজুলেশন শেষ করে দেই। এই চর্চা আমরা অব্যাহত রেখেছি। এটাতে আমরা নিজেরা স্যাটিসফাইড যে, কাজটা শেষ করে দিলাম। পেন্ডিং থাকল না,” বলেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব।
