আবরার হত্যা মামলায় রিমান্ডে সেতু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার এস এম মাহমুদ সেতুকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার সেতুর সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম চারদিন মঞ্জুর করেন।
রিমান্ড আবদনের পক্ষে বক্তব্য রাখেন আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা (এসআই) মাঝহারুল ইসলাম।
এ সময় রিমান্ড বাতিল করে জামিন চান একজন আইনজীবী।
তিনি বলেন, “এই আসামি ইনসেপ্টা ফার্মাসিউটিকলে চাকরি করেন। তিনি ঘটনার সময় বুয়েট ক্যাম্পাসে ছিলেন। ঘটনাও তিনি জানতেন না। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।”
বিচারক দুইপক্ষের শুনানি শেষে চারদিন জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে রিমান্ডে পাঠান।
রোববার সন্ধ্যায় বাংলামোটর থেকে সেতুকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উপ কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।
বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র সেতুর নাম আবরার হত্যামামলায় নেই। গ্রেপ্তার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে আবরারকে নির্যাতনে সেতুর জড়িত থাকার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মাসুদুর।
সেতুসহ আবরার হত্যাকাণ্ডের মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হল। তার মধ্যে আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী।
গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে মারা যান তড়িৎ কৌশলের ছাত্র আবরার।
