দিল মনোয়ারা মনুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পাক্ষিক অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক ইউনিয়নের নেতা দিল মনোয়ারা মনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাত দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়লে দিল মনোয়ারা মনুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দিল মনোয়ারা মনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারপ্রধান।
বাংলাদেশ মহিলা পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট দিল মনোয়ারা মনু ১৯৮৮ সালে থেকে দীর্ঘ ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করা দিল মনোয়ারার সাংবাদিকতার শুরু ১৯৭৪ সালে, সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার মাধ্যমে।
দিল মনোয়ারা বিভিন্ন পত্রিকায় লিখতেন। নারী সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ।
