রোহিঙ্গা প্রত্যাবাসনে এডিবিকে সরব হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
রোহিঙ্গা শরণার্থীদের দ্রুততম সময়ে মিয়ানমারে ফেরত পাঠাতে এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার এডিবির কয়েকজন নির্বাহী কর্মকর্তাকে নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী তাদের প্রতি এ আহবান জানান।
মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “এডিবি আমাদের মতো মিয়ানমারেও একইভাবে উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই এডিবি যেন এমন উদ্যোগ নেয়, যাতে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে তারা (মিয়ানমার) প্রস্তুতি গ্রহণ করতে বাধ্য হয়।”
এডিবির নির্বাহী পরিচালক ইন চ্যাং সংয়ের নেতৃত্বে সংস্থাটির সফররত প্রতিনিধি দল ঢাকার একটি হোটেলে অর্থমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে এডিবি প্রতিনিধি দলও বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারকে তাদেরও সহযোগিতা করা উচিত।
“আমি তাদের বলেছি, বাংলাদেশ এমনিতেই একটি ঘনবসতির দেশ হওয়া সত্বেও প্রায় ১১ লাখ রোহিঙ্গার দেখভাল করা সরকারের জন্য কঠিন কাজ।”
মন্ত্রী বলেন, “এডিবি আমাদের দীর্ঘ দিনের বন্ধু। ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলারর ঋণ সহায়তা দিয়েছে। সংস্থাটির কাছে আমরা যখনই কোনো প্রকল্পের অর্থায়ন চেয়েছি, তারা কখনোই আমাদের খালি হাতে ফেরায়নি। দিন দিন এ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।”
বৈঠকের পর এডিবি প্রতিনিধি দলের নেতা ইন-চ্যাং সং বলেন, গত অর্থবছরে বাংলাদেশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কারণে তারও এই অর্জনে গর্বিত।
এক প্রশ্নের উত্তরে এডিবির আরেক নির্বাহী পরিচালক ক্রিস পান্ডে বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের কারণে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি আমরা নোট করে নিয়েছি। এবং ওই শরণার্থীদের আমরা কীভাবে মানবিক সহায়তা করতে পারি, তা আমাদের অগ্রাধিকারে থাকবে।”
