২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরের নারী কর্মকর্তাদের শাড়ি উপহার অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও কমিশনার পদ মর্যাদার ১১ জন নারী কর্মকর্তাকে শাড়ি উপহার দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2019, 10:57 PM

Updated : 18 Aug 2022, 05:55 PM

রোববার এনবিআর সম্মেলন কক্ষে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে এক বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী এ উপহার দেন।

সভার শুরুতেই অর্থমন্ত্রী জানতে চান, “এখানে কয়জন ম্যাডাম আছেন?”

তখন তাকে জানানো হয় যে ৯ জন নারী কর্মকর্তা রয়েছেন।

অর্থমন্ত্রী তখন ৯টি প্যাকেট দিতে বললে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলে ওঠেন, ট্রাইব্যুনালে আরও দুজন আছেন।

তখন অর্থমন্ত্রী বলেন, “ঠিক আছে ১১টি প্যাকেট দেওয়া হোক।”

পরে নারী কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, প্যাকেটগুলোর ভেতরে শাড়ি ছিল।

উপহার দেওয়ার সময় অর্থমন্ত্রী বলেন, “এখানে চয়েসের কোনো ব্যবস্থা নেই। যার ভাগে যেটা পড়েছে সেটা।”

এই উপহারের কারণ ব্যাখ্যা করে মুস্তফা কামাল বলেন, “এই গিফটের একটা রহস্য আছে। রহস্যটা হল আমাদের প্রফেট (স.) বলেছেন, তোমরা গিফট দেবে এবং গিফট নেবে।”

কাস্টম কমিশনার ও রাজস্ব বোর্ডের সদস্যদের সঙ্গে এই বৈঠকে অর্থমন্ত্রী রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন।

মন্ত্রীর উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, “স্যার, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এনবিআর কর্মকর্তারা রাজস্ব আহরণের টার্গেট পূরণে আগের চেয়ে অনেক বেশি তৎপরতা দেখাচ্ছেন।

“এজন্য আমি শক্ত এবং নরম, দুটো অ্যাকশন নিচ্ছি। নরম হচ্ছে তাদের প্রাপ্য যা আছে আমি দিয়ে দিচ্ছি, যেমন- পদোন্নতিসহ আরও যা যা পাওনা আছে সেগুলো। আর শক্ত হচ্ছে কারও কোনো অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনও নিচ্ছি।”