২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ দুদক-টিআইবি

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজ গতিশীল করতে একসাথে কাজ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এজন্য সংস্থা দুটি একটি সমঝোতা স্মারকে সই করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2019, 07:38 PM

Updated : 08 Apr 2022, 04:49 PM

সোমবার দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিন বছর মেয়াদী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয়বারের মত এই চুক্তি হয়।

অনুষ্ঠানে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, “দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে সমঝোতা স্মারক ছাড়াও নিবিড় সম্পর্ক রয়েছে। টিআইবি দুর্নীতি প্রতিরোধে কাজ করে, আর দুদক দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার উভয় কাজই করে থাকে।"

তৃণমূল পর্যায়ে টিআইবির সহযোগী প্রতিষ্ঠান সনাক, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যরাও কাজ করছে জানিয়েছে তিনি বলেন, তাদের মধ্যেও নিবিড় সমন্বয় রয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই দুদকের সাথে টিআইবির আত্মিক সম্পর্ক রয়েছে।

“টিআইবি শুধু দুর্নীতি প্রতিরোধে কাজ করে, পক্ষান্তরে দুদক প্রতিরোধ ও দমন দুটি কাজই করে। দুদক এবং টিআইবির লক্ষ্য এক, কিন্তু ম্যান্ডেট ভিন্ন।"

বর্তমানে দুদক আগের তুলনায় অনেক বেশি সক্রিয় বলে মন্তব্য করেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা বাস্তবায়নে দুদকের সক্রিয়তার কোনো বিকল্প নেই।"

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত তিন বছর মেয়াদী এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।