‘জটিলতা’ নিরসনে বেসরকারি কারিগরি শিক্ষকদের সাত দফা
এমপিভুক্তিসহ বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা কোর্সের নতুন প্রতিষ্ঠান ও নতুন সিলেবাস অনুমোদন সংক্রান্ত ‘জটিলতা’ নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষকরা।
জটিলতা নিরসনের জন্য সাত দফা দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মোকছেদুর রহমান বলেন, “এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের এক হাজার ৮৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৫টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির যোগ্য হিসেবে তালিকায় আছে। কিন্তু তাদের এমপিওভুক্তি বহুদিন ধরে আটকে আছে।”
তিনি বলেন, “এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর নতুন সিলেবাসের অনুমোদন দেওয়াও বন্ধ আছে দীর্ঘদিন ধরে। আমরা চাই বিএম শিক্ষাক্রমের নতুন প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অনুমতির ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে।”
শিক্ষা কার্যক্রমে বিভিন্ন অচলাবস্থার কারণে ৩৩ হাজার শিক্ষক-কর্মচারী এবং দুই লাখ শিক্ষার্থী ‘হুমকির মুখে’ আছেন বলে মন্তব্য করে অধ্যক্ষ মোকছেদ।
দাবি আদায়ের জন্য থেকে ৩-৭ নভেম্বরের মধ্যে যে কোনোদিন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তিনি।
অধ্যক্ষ মোকছেদ জানান, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং শিক্ষা সচিব (কারিগরি), শিক্ষা উপমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
