২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশার ওষুধ আনতে বাধা উদ্ভিদ সংরক্ষণ বিভাগ: মেয়র আতিক

মশা নিধনে ওষুধ আনার ক্ষেত্রে সরকারের কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ শাখা বাধা তৈরি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2019, 03:42 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

মশাবাহিত ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার জন্য সমালোচনার মুখে থাকা ঢাকার দুই মেয়রের একজন আতিক শনিবার এক গোলটেবিল আলোচনায় এই অভিযোগ তোলেন।

এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর ঢাকার দুই সিটি করপোরেশনের মশা নিধনের ওষুধের অকার্যকারিতা ধরা পড়ে। পরে তড়িঘড়ি করে নতুন ওষুধ আনা হলেও ততদিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়ে যায়, মৃত্যুর সংখ্যা শত ছাড়ায়।

বাংলাদেশে যে কোনো কীটনাশক আনার ক্ষেত্রে কৃষি বিভাগের ছাড়পত্রের প্রয়োজন হয়। কেননা ওই কীটনাশকের ব্যবহার উদ্ভিদের উপর বিরূপ প্রভাব ফেলে কি না, তা পরীক্ষা করে দেখার দায়িত্ব তাদের।

মেয়র আতিক অভিযোগ করেন, উদ্ভিদ সংরক্ষণ শাখার ‘প্রতিবন্ধকতা’ তৈরির কারণেই মশার ওষুধ আমদানিতে জটিলতা দেখা দেওয়ায় ডেঙ্গু এ বছর প্রকট আকার ধারণ করে।

কীটনাশক আমদানি নিয়ে সরকারের একটি বিজ্ঞপ্তির অনুলিপি দেখিয়ে তিনি বলেন, উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ‘অসহযোগিতায়’ চতুর্থ প্রজন্মের ওষুধ আনতে পারছেন না তারা।

“এই উইংয়ের কাছে আমরা যাচ্ছি আমাদের ফোর্থ জেনারেশন ওষুধগুলো আনার জন্য। আজকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন হচ্ছে সারা ওয়ার্ল্ডে। আমাদেরও ফোর্থ জেনারেশন ওষুধ আনতে হবে। কিন্তু ফোর্থ জেনারেশন ওষুধ কেউ এনে যখন‌ই উদ্ভিদ ডিপার্টমেন্টের কাছে যাচ্ছেন, তারা কোনো ধরনের সাহায্য করছেন না। তাদের সঙ্গে কথাও বলছেন না। তারা বলছেন, তোমরা তো ফরম‌ই ঠিকমতো ফিল-আপ করে আন নাই।”

বহুতল ভবনে সিটি করপোরেশনের কর্মীদের পৌঁছাতে না পারা এবং বাংলাদেশে মশা প্রতিরোধী ওষুধ প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মেয়র আতিক।

তিনি বলেন, “বিশ তলা-ত্রিশ তলা ভবন হচ্ছে। এসব ভবনে সিটি করপোরেশন যাচ্ছে না, কারও পক্ষে যাওয়া সম্ভব না। পৃথিবীর সব দেশেই ওভার দ্যা কাউন্টারে ওষুধ পায়। আর আমাদের এখানে একটা মাত্র অ্যারোসল স্প্রে আর ওডোমস পাই, আর কিছু পাই না। আমরা যখন বিদেশে যাই তখন দেখি যে, আত্মীয়-স্বজন যারা আছে তারা নানা ধরনের ওষুধ কিনতে পারে। তারা গায়ে মাখে, টবে-বিভিন্ন কন্টেইনারেও তারা দিচ্ছে।

“আমরা কেন পারছি না? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত আমরা বিশ্বমানের কোনো ওষুধ কোম্পানি তৈরি করতে না পারব ততদিন যেন কোনো ধরনের ওষুধ আমদানি না হয়। এটা ছিল একটা বিজ্ঞপ্তি, কোনো আইন নয়। কিন্তু কিছু লোক, কিছু স্বার্থান্বেষী মহল এই কীটপতঙ্গ ডিপার্টমেন্টের যারা এই বিজ্ঞপ্তিটাকে আইন বানিয়ে কাস্টমস-বাংলাদেশ ব্যাংক সবাইকে বলে দেওয়া হল কোনো ওষুধই আমদানি করা যাবে না।

“এইটাতে তারা গত চার বছর ডাকাতির পর ডাকাতি করেছে, পয়সা কামিয়েছে। আর পুরো বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে।”

বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ মিলনায়তনে দৈনিক কালের কণ্ঠ আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়' শীর্ষক এই গোলটেবিল বৈঠকে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ডেঙ্গু নিয়ে কাউকে দোষারোপ না করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “এটা নিয়ে ব্লেইম গেইম খেলে লাভ নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা পৃথিবীতেই এ ধরনের রোগ ছড়িয়ে পড়ছে। প্রকৃতির ওপর কারও হাত নেই।

“ডেঙ্গু নিয়ে এতটা আতঙ্কিত হ‌ওয়ার‌ও কিছু নেই। যেটা আমাদের হাতে আছে সেখানেই আমরা সবাই মিলে কাজ করব‌। এখন ডেঙ্গু শুধু ঢাকার নয়, সারা দেশের সমস্যা। এজন্য সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, “নতুন বিকল্প কীটনাশক পাইপ লাইনে রাখতে হবে যেন জরুরি প্রয়োজনে তা ব্যবহার করা যায়।”

ডেঙ্গু যেহেতু সারা দেশে ছড়িয়েছে, সে কারণে এইডিস মশা নিয়ন্ত্রণে সারা দেশে সারা বছর ‘বিশেষ ব্যবস্থা’ গ্রহণের পরামর্শ দেন এই কীটতত্ত্ববিদ।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম গোলটেবিল আলোচনায় বলেন, ডেঙ্গু মোকাবেলার ‘সক্ষমতা’ বাংলাদেশের আছে।

“এই সমস্যার সমাধান মানুষ করবে। সরকার এতে নেতৃত্ব দেবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত মানুষ দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না।"

মশাবাহিত রোগ প্রতিরোধে সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়ন ফার্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফ হোসেন।

কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. হাবিবুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদও আলোচনা করেন।