২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্য এবার হিমলুং

হিমালয়ের ২৩ হাজার ৩৮০ ফুট উচ্চতায় হিমলুং পর্বতশিখরে প্রথমবারের মত বাংলাদেশের পতাকা ওড়াতে অভিযানে যাচ্ছেন দুই বাংলাদেশি পর্বতারোহী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 03:55 PM

Updated : 10 Oct 2022, 09:26 PM

এই অভিযানে এভারেস্টজয়ী এম এ মুহিতের সঙ্গী হচ্ছেন ইকরামুল হাসান, যার আছে হিমালয়ের কেয়াজো-রি চূড়ায় আরোহণের অভিজ্ঞতা। নেপালে তাদের সঙ্গে যোগ দেবেন পোল্যান্ড, স্পেন, সুইডেন ও সাউথ আফ্রিকার আরও আটজন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের এক সংবাদ সম্মেলনে দুই বাংলাদেশি অভিযাত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

দলনেতা মুহিত সংবাদ সম্মেলনে বলেন, ৩০ সেপ্টেম্বর শুরু হবে তাদের ৩০ দিনের এই অভিযান। প্রথম দিন ঢাকা থেকে রওনা হয়ে পৌঁছাবেন নেপালের কাঠমান্ডুতে।

কোটে থেকে শুরু হবে ট্রেকিং। প্রথম দিন যাবেন ধর্মশালায়। সেখান থেকে খিয়াং হয়ে ফুতে গিয়ে থাকবেন দুই দিন। পরে পৌঁছাবেন হিমলুং বেইজ ক্যাম্পে, যার উচ্চতা প্রায় ১৬ হাজার ফুট।

“সেখান থেকে আরও তিনটি ক্যাম্প হয়ে আমরা অক্টোবরের ২৫ অথবা ২৬ তারিখ হিমলুং পর্বতের চূড়া সামিট করব বলে আশা করছি।”

হিমালয়ের অন্নপূর্ণা আর মানাসলু চূড়ার মাঝে নেপাল-তিব্বত সীমান্তের হিমলুং পর্বত স্থানীয়ভাবে পরিচিত নেমজুং নামে। ১৯৮৩ সালে নেপাল ও জাপানের একটি যৌথ অভিযাত্রী দল প্রথমবারের মত ওই চূড়া জয় করে।  

হিমলুংর পথে বাংলাদেশি অভিযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ব্র্যাকের চেয়ারপার্সন হোসেন জিল্লুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “পর্বতারোহণ নিছক সৌখিনতা নয়, কিংবা পর্বত বিজয় পর্বতারোহণের মূল উদ্দেশ্য নয়। বিশ্বের প্রকৃতি ও জলবায়ু যে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, পর্বতারোহীরা সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে বলে আমি আশা করছি।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা পর্বতারোহীদের স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে বলেন, “আমাদের উন্নয়ন আনন্দে রূপান্তরিত হলেই আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারব।”

অন্যদের মধ্যে নেপাল দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ধন বাহাদুর ওলী, অ্যান্টার্কটিকা ও সুমেরুর অভিযাত্রী ইনাম আল হক এবং বিএমটিসির কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের পরিচালনায় হিমলুং অভিযানের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি টি লিমিটেড ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড।