ধর্মভিত্তিক রাজনীতি ঢাবিতে চলবে না, সিদ্ধান্ত ডাকসুর
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে সিদ্ধান্ত হয়েছে ডাকসুর সভায়।
বৃহস্পতিবার ডাকসুর কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা সাংবাদিকদের জানান ডাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
ডাকসুর ভিপি নুরুল হক নুর এই সভায় থাকলেও ছিলেন না জিএস গোলাম রাব্বানী। চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের পতদ হারানোর পর ডাকসুতে আসছেন না তিনি।
সভা শেষে অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও চেতনার জায়গা। সুতরাং এখানে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক রাজনীতি চর্চার সুযোগ নাই এবং তারা যাতে কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে বা কর্মকাণ্ড পরিচালিত করতে না পারে, সে বিষয়ে যেন সকলে যত্নশীল থাকে, সেজন্য ডাকসুর তরফ থেকে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।
“বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোরামে সেগুলো নিষিদ্ধ করে যেন আইনে পরিণত করা হয় সেই দাবিও জানানো হয়েছে।”
ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, “ডাকসুর প্রস্তাব অনুযায়ী ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
“আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিখিতভাবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ আছে। কিন্তু আজকে এটি কেবল প্রস্তাব নয়, লিখিত আকারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে ডাকসুর গঠনতন্ত্রে এ সম্পর্কিত ধারা সংযোজন ও বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনে এটি সন্নিবেশ করার আহ্বান জানানো হয়েছে।”
এছাড়া সভায় সান্ধ্যকালীন কোর্স, গ্রন্থাগারের আসন সংকট, হলের আবাসন সমস্যা, ক্যাম্পাসের পরিবহন সমস্যা নিয়ে আলোচনা হয়।
গোলাম রাব্বানীর অনুপস্থিতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ছাত্রলীগ নেতা সাদ্দাম বলেন, “ব্যক্তিগত কারণে তিনি আজকের সভায় উপস্থিত থাকতে পারেননি।”
সভায় উপস্থিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম রাব্বানীর ছাত্রলীগ থেকে পদ হারানোকে ‘নৈতিক স্খলন’ আখ্যায়িত করে জিএস পদ থেকে তাকে অপসারণের দাবি তুলেছিলেন ভিপি নুর। তবে ডাকসুর গঠনতন্ত্রে এরকম স্পষ্ট কোনো নির্দেশনা না থাকার বিষয়টি দেখিয়ে তার বিরোধিতা করেন ছাত্রলীগ থেকে নির্বাচিতরা।
“এছাড়াও ভিপি নুর পরীক্ষা ছাড়া ছাত্রলীগ নেতাদের সান্ধ্যকালীন কোর্সে ভর্তির বিষয়টি তোলেন এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানান। কিন্তু এই ছাত্রলীগ নেতারা নিয়ম অনুযায়ী ভর্তি হয়েছেন উল্লেখ করে সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। ছাত্রলীগের নেতারা পাল্টা ভিপি নুরের বিয়ের প্রসঙ্গটি তোলেন।”
এই বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সভা থেকে বের হয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকরা নুরের বক্তব্য চাইলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে দ্রুত চলে যান।
