ফু-ওয়াং ক্লাবে পুলিশ পায়নি কিছু, র্যাব পেল ‘অননুমোদিত’ মদ-বিয়ার
ঢাকার তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে পুলিশ অভিযান চালিয়ে বেআইনি কিছু না পাওয়ার কথা জানালেও দুদিন পর সেখান থেকে ‘অননুমোদিত’ মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাব।
বুধবার রাতভর ফু-ওয়াং ক্লাবে অভিযান চালানোর পর বৃহস্পতিবার র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম ‘অননুমোদিত’ প্রায় আড়াই হাজার বোতল বিদেশি মদ, ১০ হাজার ক্যান বিয়ার, বিপুল পরিমাণ সিগারেট এবং ৭ লাখ টাকা জব্দের কথা জানান।
ক্যাসিনো বন্ধে ক্লাবগুলোতে র্যাবের অভিযান শুরুর পর পুলিশও একই ধরনের অভিযানে নেমে দুদিন আগে গিয়েছিল তেজগাঁও শিল্পাঞ্চলের ফু-ওয়াং ক্লাবে।
গত সোমবার সেখানে প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার হাবিবুন্নবী আনিসুর রশিদ জানিয়েছিলেন, ফু-ওয়াং ক্লাবে তারা অবৈধ কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাননি।
তিনি বলেছিলেন, “ক্যাসিনো রয়েছে কি না বা সেখানে জুয়া খেলা হয় কি না, সেজন্য আমরা অভিযান চালিয়েছিলাম। কিন্তু সেটা পাইনি। বিধি বহির্ভূত কিছু আমরা সেখানে পাইনি।”
ওই পুলিশ কর্মকর্তা বলেছিলেন, ফু-ওয়াং ক্লাবে একটি বার রয়েছে। তবে তারা লাইসেন্স নিয়েই বার চালাচ্ছে।
অন্যদিকে র্যাবে অভিযান শেষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সারোয়ার বলেন, “ক্লাবে থাকা বারটি বৈধ হলেও নিয়মানুযায়ী যতটুকু থাকা দরকার তার চেয়ে বেশি পরিমাণ মদ-বিয়ার এখানে ছিল। এসব বারে যে সব মদ থাকার অনুমোদন আছে, তার বাইরে অন্য ব্র্যান্ডের মদও ছিল।”
রাজধানীর তেজগাঁও ফুওয়াং ক্লাবে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মদ, বিয়ার ও টাকা জব্দ করে র্যাব।
এই ধরনের বারে কী পরিমাণ মদ-বিয়ার থাকার কথা, তা জানতে চাইলে তাৎক্ষণিক সে হিসাব দিতে পারেননি র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার।
র্যাবের অভিযানের পর পুলিশের অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্ন ছিল- “আপনারা কিছুই পেলেন না, অথচ দুদিন পরেই র্যাব মদ-বিয়ার পেল কীভাবে?”
জবাব দিতে অনীহা জানিয়ে তিনি বলেন, “আমি এ ব্যাপারে কোনো কথা বলব না।”
ফু-ওয়াং ক্লাবে সোমবার বিকালে পুলিশের এই অভিযানে বেআইনি কিছু না পাওয়ার কথা জানানো হয়েছিল। ছবি: আব্দুল্লাহ আল মমীন
র্যাবের মুখপাত্র সারোয়ার জানান, ফু-ওয়াং ক্লাব থেকে জাহিদ, জেভিয়ার ডি কস্তা ও চঞ্চল নামে তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
“অবৈধভাবে মদ-বিয়ার রাখার অপরাধে এই তিনজনকে গ্রেপ্তার করা ছাড়াও আর কারা এর সাথে জড়িত আছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।”
অভিযানে অংশ নেওয়া র্যাব-১ এর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ক্লাবের মালিক শেখ নুরুল ইসলামকে তারা খুঁজছেন।
