রাখাইন পরিস্থিতির আরও উন্নতি করতে হবে: ইউএনএইচসিআর প্রতিনিধি
রোহিঙ্গা সঙ্কট সমাধানের একটি অনুকূল পারিবেশ তৈরিতে জোর দিয়েছেন বাংলাদেশে ইউএনএইচসিআরের আবাসিক প্রতিনিধি স্টিভেন করলিস।
আর এজন্য রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইনের পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
করলিস রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে বলেন, “রোহিঙ্গারা আমাকে জানিয়েছে, তারা নিজেদের ঘরে ফিরতে চায়। এটা বাংলাদেশ সরকারেরও একটি প্রতিশ্রুতি। এই মানুষগুলো মিয়ানমারের, সমস্যার শুরু মিয়ানমারে এবং সমাধানের পথটাও বের করতে মিয়ানমারকে।”
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে স্টিভেন করলিস এসব কথা বলেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বালুখালী রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)
২০১৭ সালের অগাস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর থেকে সোয়া সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
মিয়ানমার বলে আসছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা প্রস্তুত। কিন্তু তাদের কথায় রোহিঙ্গারা আস্থা রাখতে না পারায় গত মাসে প্রত্যাবাসনের দ্বিতীয় দফা চেষ্টাও ব্যর্থ হয়।
রোহিঙ্গাদের দাবি, প্রত্যাবাসনের জন্য আগে তাদের নাগরিকত্ব দিতে হবে। জমি-জমা ও ভিটেমাটির দখল ফেরত দিতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাখাইনে তাদের সঙ্গে যা হয়েছে, সেজন্য ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে মিয়ানমার প্রত্যাবাসন শুরু করতে না পারার জন্য বাংলাদেশকে দুষছে।
রোহিঙ্গাদের দীর্ঘ সময়ের জন্য অবস্থানের কারণে নিরাপত্তা থেকে শুরু করে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনুষ্ঠানে শঙ্কা প্রকাশ করেন তরণরা। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর নানা ভোগান্তি নিয়েও কথা বলেন তারা।
বসবাসের ভালো সুযোগ ভাসানচরে
নোয়াখালীর বিরান দ্বীপ ভাসানচরে রোহিঙ্গাদের শরণার্থীদের জন্য আবাসন নির্মাণের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১০ হাজার একর আয়তনের ওই চরে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থাও করা হচ্ছে সামরিক বাহিনীর সহায়তায়।
তবে সেখানে শরণার্থীদের সরানোর বিরোধিতাও রয়েছে। কিন্তু সরকার বলছে কাউকেই জোর করে সেখানে নেওয়া হবে না।
মিয়ানমার থেকে বিতাড়নের দুই বছর পূর্তিতে রোববার কক্সবাজারে কুতুপালং শরণার্থী শিবিরে সমাবেশ করে রোহিঙ্গারা। ছবি: কেএম আসাদ
কক্সবাজারের ক্যাম্পগুলোর চেয়ে সেখানে বসবাসের পরিবেশ বেশি উপযোগী উল্লেখ করে তিনি বলেন, “সেখানে পুকুর, গবাদিপশু পালন এবং শিক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে।”
বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সরকারের সঙ্গে ভাসানচরের বিষয়টি নিয়ে আলোচনায় বসার পআশা প্রকাশ করেন ইউএনএইচসিআরের প্রতিনিধি।
গর্ব করতে পারে বাংলাদেশ
রোহিঙ্গা আশ্রয় দেওয়া এবং খাবারের ব্যবস্থা করায় বাংলাদেশের প্রশংসা করেন স্টিভেন করলিস।
“ঐতিহাসিক এই অর্জনের জন্য প্রতিটি বাংলাদেশি নাগরিকের গর্ব করা উচিত। সাত লাখ মানুষ সীমান্ত পেরিয়ে পাহাড়ি বনাঞ্চলে এসেছে। তাদের কোনো খাবার, পানি, আশ্রয় ছিল না। কিন্তু বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখতে পারি, অনেক মানুষকেই মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে।”
এরই মধ্যে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনে ৬৭% অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, “আশা করছি অক্টোবরের শেষ নাগাদ আমরা কাজটি সম্পূর্ণ করতে পারব।”
গত ২২ অগাস্ট দ্বিতীয় দফা প্রত্যাবাসন উদ্যোগ ভেস্তে যাওয়ার পর অনেক ইতিবাচক বিষয়ও দেখছেন ইউএনএইচসিআর প্রতিনিধি।
“এবারই প্রথম রোহিঙ্গারা তাদের ফেরার অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে মিয়ানমার সরকারের কাছে। এটা খুবই গুরুত্বপূর্ণ শুরু। দ্বিতীয়ত, তারা এই মুহূর্তে না ফেরার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতি বাংলাদেশ সরকার শ্রদ্ধা দেখিয়েছে।”
স্থানীয়দের জন্যও সহায়তা
এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, রোহিঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়দেরও সহায়তা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সহায়তার ১৫ শতাংশ এরই মধ্যে স্থানীয়দের কল্যানে বরাদ্দ করা হয়েছে।
“আমাদের স্থানীয় মানুষদের জন্য আরও সহায়তার ব্যস্থা করা হয়েছে।”
রোহিঙ্গাদের উপস্থিতির কারণে বিশ্ব ব্যাংকসহ অন্যান্য সংস্থা কক্সবাজার জেলার জন্য অতিরিক্ত উন্নয়ন বরাদ্দ দিচ্ছে বলেও জানান স্টিভেন করলিস।
সমাপনী বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিকৃত তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই সঙ্কট থেকে উত্তরণে সরকারের পাশে থাকার আহ্বান জানান।
