২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আরএফএল কর্মকর্তা হত্যায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গীর আরএফএলের কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2019, 04:24 PM

Updated : 18 Aug 2022, 05:45 PM

রোববার রাতে টঙ্গীর এরশাদনগর থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল হক রনি ওরফে বাবু (১৯),  মো.সুজন ওরফে শাহজাহান  (২১) ও আউয়াল হাওলাদারকে (২৬)। সোমবার বাহিনীর মিডিয়া সেন্টারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম বলেন, “এরা পেশাদার ছিনতাইকারী।”

তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানান তিনি।

নিহত কামরুল ইসলাম নওগাঁ সদর উপজেলার আবুল কাশেমের ছেলে। তিনি আরএফএলের আঞ্চলিক ব্যবস্থাপক হিসাবে সিলেটে দায়িত্ব পালন করছিলেন।

অফিসিয়াল মিটিংয়ে যোগ দিতে গত শনিবার ভোরে বাসে করে টঙ্গীতে এসে নামার পরপরই ছিনতাকারীর কবলে পড়েন তিনি।

কামরুলের ভাগ্নে বিপ্লব ওইদিন বলেছিলেন, ভোর ৪টার দিটে টঙ্গীর কলেজ গেইট এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীররা তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া চেষ্টা করে তার মামা বাধা দেন। সে সময় ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে সব ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান কামরুল।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

র‌্যাব কর্মকর্তা সারওয়ার বিন কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুলকে ছুরি মেরে মালামাল টাকা ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে গ্রেপ্তাররা।

“গ্রেপ্তার তিনজনের মধ্যে আব্দুল হক আব্দুল্লাহপুর-বাড্ডা রুটের একটি বাসের চালক, সুজন তার সহকারী এবং আওয়াল অটোরিকশা চালক।
“তারা দিনের বেলায় বাস চালালেও রাতে অটোরিকশা নিয়ে ছিনতাই করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

তিনজনের কাছ থেকে একটি ছুরি, ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা ও কামরুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান সারওয়ার।

পুরনো খবর:

টঙ্গীতে বাস থেকে নেমে লাশ হলেন ছিনতাইকারীর ছুরিতে