কিশোর ‘গ্যাং কালচার' যাতে গড়ে না উঠে: আইজিপি
বাংলাদেশের কোথাও যেন কিশোর ‘গ্যাং কালচার’ গড়ে উঠতে না পারে, সেদিকে তৎপর থাকার জন্য জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রোববার পুলিশ সদর দপ্তরে ঢাকা, চাঁদপুর, নওগাঁ, গাইবান্ধা ও চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপারদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের সময় তিনি এই নির্দেশনা দেন বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাবেদ পাটোয়ারী অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার উপর জোর দেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।
নারী নির্যাতন, ধর্ষণ, শিশু নির্যাতনের মতো অপরাধ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে বলেন আইজিপি।
তিনি বলেন, “জনগণ বিপদে পড়ে অসহায় অবস্থায় পুলিশের কাছে সাহায্যের জন্য আসে। থানায় আসা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সমস্যা ও অভিযোগের কথা গুরুত্ব দিয়ে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।”
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্তি আইজিপি মো. শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল
ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
