ছিনতাই চেষ্টা: রিমান্ড শেষে কারাগারে পুলিশ কনস্টেবলসহ দুইজন
রাজধানীর মতিঝিলে ১০ লাখ টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় বংশাল থানার কনস্টেবল আল মামুন মাহমুদসহ দুইজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই এনামুল হক শিমুল।
পরে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামি হলেন জাহিদুল ইসলাম জিতু, যিনি নিজেকে সিআইডির পরিদর্শক পরিচয় দিতেন।
গত ৫ সেপ্টেম্বর আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে মতিঝিলে আবুল কালাম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়।
এনআরবিসি ব্যাংক থেকে টাকা তুলে মোহামেডান ক্লাবের সামনের সড়কে এলে তিনজন পুলিশ পরিচয় দিয়ে আবুল কালামের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে মামুন তার হাতে থাকা হাতকড়া দিয়ে কালামের মাথায় আঘাত করেন। পরে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় জনতা দুইজনকে ধরে ফেলে।
এ ঘটনায় বুধবার রাতে মতিঝিল থানায় ব্যবসায়ী আবুল কালাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
