২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছিনতাই করতে গিয়ে’ পুলিশ কনস্টেবল ধরা

ঢাকার মতিঝিলে মোহামেডান স্পোটিং ক্লাবের সামনে এক যুবকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে ধরা পড়েছেন এক পুলিশ কনস্টেবল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 09:57 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

বংশাল থানায় কর্মরত আল মামুন (৩৫) নামে ওই কনস্টেবলকে বুধবার বিকালে জনতা পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কালাম নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

নবাবপুরের ব্যবসায়ী আবুল কালাম মতিঝিলে একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন। পথে তাকে আটকায় কনস্টেবল আল মামুন ও তার সঙ্গে থাকা জিতু নামে একজন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, আল মামুন কনস্টেবল পরিচয়ে আবুল কালামের কাছে পাওনার কথা বলে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আবুল কালাম টাকা দিতে না চাইলে তার মাথায় হেলমেট দিয়ে আঘাত করেন।

এসময় আশপাশের লোকজন এসে কনস্টেবল মামুনকে ধরে পিটুনি দেয়। কিন্তু জিতু পালিয়ে যান।
ওসি ফারুক বলেন, “জিতু আবুল কালামের কাছে টাকা পায় এমন একটি দাবি করা হলেও আসলে বিষয়টি ভুয়া।”

পরে আবুল কালাম ছিনতাইয়ের অভিযোগে মামুন ও জিতুর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন।
মামুনের কর্মস্থলে যোগাযোগ করা হলে বংশাল থানার ওসি শাহিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে (মামুন) গত রাতে মোবাইল ডিউটির গাড়ি চালিয়েছে। আজ দিনের বেলা তার বিশ্রামে থাকার কথা এবং কোথাও গেলে আমাকে জানিয়ে যাওয়ার কথা। কিন্তু সে আমাকে জানিয়ে স্টেশন ত্যাগ করেনি।”

এই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।