ডেঙ্গু রোগী অপরিবর্তিত
হাজারের নিচে নামলেও মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগীর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টার সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৭৮৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বুধবার এই সংখ্যা ছিল ৮২০ জন এবং মঙ্গলবার ছিল ৭৮৩ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভর্তি হওয়ার নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকাতে ৩৩১ জন এবং ঢাকার বাইরে ৪৫৭ জন।
এই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার পাঁচ জন। এরমধ্যে, ঢাকায় ৫৯১ জন এবং ঢাকার বাইরে ৪১৪ জন।
বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৯৭৪ জন এবং মঙ্গলবার ৯৬৮ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে ৩৩৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। বুধবার চিকিৎসাধীন ছিলেন ৩৫৮৮ জন এবং মঙ্গলবার ৩৭৪৬ জন।
ঠিক এক মাস আগে ৫ অগাস্ট ডেঙ্গু পরিস্থিতি ছিলো অন্য রকম।
৪ অগাস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭৬৫৮ জন।
অগাস্টের প্রথম পাঁচ দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯ হাজার ছয় জন। অন্যদিকে, চলতি মাসের প্রথম পাঁচ দিন ৩ হাজা ২৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০১৯ সালের প্রথম দিন থেকে পাঁচ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত ৭৪ হাজার ৩৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর, এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭৯০ জন।
সরকারি হিসাবে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
তবে আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে ১৯২টি মৃত্যুর তথ্যে এসেছে বিভিন্ন হাসপাতাল থেকে।
