জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ: দুদকের মামলায় আসামি ৫
জালিয়াতির মাধ্যমে 'ভুয়া ক্ষতিগ্রস্ত আদিবাসী' সাজিয়ে রাজউকের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর বাদী হয়ে মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
আসামিরা হলেন- প্লট বরাদ্দ পাওয়া এনিনা বেগম, তার স্বামী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আফছার আলী শেখ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য (এস্টেট) মো. রেজাউল করিম তরফদার, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী ও সাবেক পরিচালক মো. হুমায়ূন খান।
মামলার এজাহারে বলা হয়, এনিনা বেগম আদিবাসী না হয়েও জাল নথিপত্রের মাধ্যমে ২০০২ সালে ক্ষতিগ্রস্ত আদিবাসী কোটায় আবেদন করে পূর্বাচল আবাসিক এলাকায় পাঁচকাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ পান।
আবেদনে এনিনা স্বামীর নাম উল্লেখ না করে প্রতারণার আশ্রয় নিয়ে বাবার নাম উল্লেখ করেন, যদিও তার স্বামী আফছার আলী শেখ তৎকালীন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন।
