২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেইন ট্রি হোটেলে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিলেন দুই হাকিম

জন্মদিনের পার্টির কথা বলে বনানীর রেইন ট্রি হোটেলে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘ধর্ষণের’ মামলায় সাক্ষ্য দিয়েছেন আসামি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণকারী দুই মহানগর হাকিম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 10:49 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার ও খুরশীদ আলম বুধবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেম উল কায়েসের আদালতে সাক্ষ্য দেন।

এ মামলার আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন সত্যব্রত সিকদার। আর ঘটনার শিকার ‍দুই শিক্ষার্থীর বন্ধু শাহরিয়ারের ২২ ধারায় দেওয়া জবানবন্দি নিয়েছিলেন খুরশীদ আলম।

সাক্ষ্য শেষে তাদের আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। বাকি জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ নভেম্বর দিন রেখেছেন বিচারক খাদেম উল কায়েস।

আসামি নাঈম আশরাফের পক্ষে হাকিমদের জেরা করেন আইনজীবী খায়রুল ইসলাম লিটন। তাকে সাহায্য করেন মোশাররফ হোসেন কাজল।

আইনজীবীদের জেরার উত্তরে হাকিম সত্যব্রত সিকদার বলেন, তিনি জানতেন না যে হাই কোর্ট ফরমে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন সে ফরম ২০০৯ সালের পর আর ব্যবহার করা হয় না।

এম ৮৪ নম্বর ফরমে সে সময় স্বীকারোক্তি নেওয়া হয়েছিল আর এখন চালু হয়েছে ৪৫ নম্বর ফরম।

জেরায় সত্যব্রত সিকদার বলেন, তিনি ফরমের একটি কলামে (৯ নম্বর কলাম) ‘স্বীকারোক্তির বক্তব্য সত্য ও বিশ্বাসযোগ্য বলে প্রতীয়মান হয়েছে’ এ কথা লিখে পূরণ করেননি।

মামলার শুননির জন্য আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফকে এদিন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিনে থাকা সাদমান সাকিফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনও ট্রাইব্যুনালে হাজিরা দেন।

২০১৭ সালের ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়।ওই ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করে বনানী থানায় মামলা করেন এক ভুক্তভোগী।

এরপর ওই বছরের ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি।অভিযোগপত্রে ৪৭ জনকে সাক্ষী করা হয়।

একই বছরের ১৩ জুলাই ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আসামি সাফাত ও নাঈমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারা এবং অন্য আসামিদের বিরুদ্ধে ৯ (১) এর ৩০ ধারায় অভিযোগ গঠন করা হয়।

পুরনো খবর:

‘ধর্ষকদের’ মধ্যে আপন জুয়েলার্সের মালিকের ছেলে
জন্মদিনের পার্টিতে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’