২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ‘ব্যাটল অব মাইন্ড’ বাতিল

তামাকবিরোধীদের প্রতিবাদের মুখে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের (বিএটিবি) তত্ত্বাবধানে চাকরি প্রত্যাশীদের নিয়ে অনুষ্ঠেয় ‘ব্যাটল অব মাইন্ড’ প্রতিযোগিতাটি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 01:26 AM

Updated : 18 Aug 2022, 05:43 PM

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। 

সোমবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ‘হাবিবউল্লাহ কনফারেন্স হলে’ এ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল, যা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল তামাকবিরোধী বিভিন্ন সংগঠন।

সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্রর পক্ষ থেকে বলা হয়, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ অনুযায়ী কোনো ধরনের প্রতিযোগিতার ব্যয়ভার বহন ও পুরস্কার দেওয়া তামাক কোম্পানিগুলোর জন্য নিষিদ্ধ। কিন্তু বিএটিবি আইন অমান্য করে এ ধরনের কর্মসূচি পালন করে মূলত তরুণদের তামাক সেবনের দিকে আকৃষ্ট করছে।

এছাড়া মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশার’ সাধারণ সম্পাদক হেলাল আহমেদের নেতৃত্বে কয়েকটি তামাকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে অনুষ্ঠানটি বন্ধের অনুরোধ জানান।

হেলাল পরে সাংবাদিকদের বলেন, “ব্রিটিশ আমেরিকান টোবাকো ঢাক-ঢোল পিটিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তামাকের প্রচারণামূলক এ কর্মসূচির আয়োজন করে। লাখ লাখ তরুণকে এ কর্মসূচিতে তারা যুক্ত করে। কিন্তু গত প্রায় এক দশকে খুব অল্প প্রার্থীকেই এন্ট্রি লেভেলের চাকরি দেওয়া হয়েছে।”

অধ্যাপক রাব্বানী বলেন, “বিভিন্ন তামাকবিরোধী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছে অনুষ্ঠানটি বাতিল করার জন্য। আমরা বিস্মিত হয়েছি যে, এই সংগঠন আমাদের মূল উদ্দেশ্য না জানিয়েই এরকম আয়োজন করেছিল। আমরা আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ও মানসিক দিক বিবেচনা করে ওই অনুষ্ঠান বাতিল করেছি।’’