সরকারি গাড়ির অপব্যবহারে সতর্ক করলেন ভূমিমন্ত্রী
সরকারি গাড়ি যাতে সরকারি কাজের বাইরে ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, সেজন্য কর্মকর্তাদের সতর্ক করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
রোববার সহকারী কমিশনারদের (ভূমি/রাজস্ব) ডাবল কেবিন পিকআপ হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
ভূমিমন্ত্রী বলেন, “গাড়ি একটি উদ্দেশ্য নিয়ে দেওয়া হয়েছে। গাড়ি দেওয়া হচ্ছে 'সারপ্রাইজ' ভিজিট’ করার জন্য। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বা তেল বার্ন করার জন্য না
“এই গাড়ি মূলত অফিসের কাজের জন্য দেওয়া হয়েছে। সুতরাং আমি আশা করব, একাজগুলো যাতে সুন্দরভাবে করা হয়।”
অনুষ্ঠানে পাঁচজনকে গাড়ির চাবি হস্তান্তর করা হয়। তবে জানানো হয়েঝছে, মোট ৬০টি গাড়ি সরকারি কমিশনারদের দেওয়া হবে।
মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার উপর জোর দেন সাইফুজ্জামান।
তিনি বলেন, “ফিল্ডে এখনও আমার ডিজায়ার অনুযায়ী কাজ হচ্ছে না। আমি আশা করব, ভালো কাজ করবেন এবং নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন।"
ছোটখাটো বিষয়ে জন্য কাজ আটকে না রেখে কর্মকর্তাদের ‘কমনসেন্স’ ব্যবহারের পরামর্শ দেন ভূমিমন্ত্রী।
“(এরপরও) যদি কনফিউশন থাকে, তাহলে আপনার সহকর্মী আছে, ইউএনও আছে, তাদের সাথে আলাপ-আলোচনা করবেন এবং জিনিসটা বোঝার চেষ্টা করবেন।”
জমির প্রায় সাড়ে তিন কোটি খতিয়ান অনলাইনে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “আপনারা এগুলো আরও দেখবেন। সব কথার শেষ কথা হচ্ছে জনগণের সেবা করা, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে।”
