রেনুকে পিটিয়ে হত্যা: প্রতিবেদন দিতে আরও সময়
রাজধানীর বাড্ডায় ‘ছেলেধরা’ গুজব তুলে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ সেপ্টেম্বর নতুন তারিখ রেখেছে আদালত।
বুধবার প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তদন্ত কর্মকর্তা আরও সময় চাইলে ঢাকার মহানগর হাকিম জসিম উদ্দিন নতুন তারিখ ঠিক করে দেন।
পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’ বলে সম্প্রতি ফেইসবুকে গুজব ছড়ানোর পর গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে আক্রমণের ঘটনা ঘটে।
এরই মধ্যে ২০ জুলাই উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ৪২ বছর বয়সী তাসলিমা বেগম রেনুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি তার চার বছর বয়সী মেয়েকে ভর্তির বিষয়ে খবর নিতে ওই বিদ্যালয়ে গিয়েছিলেন।
রেনুকে পিটিয়ে হত্যার সময় প্রত্যক্ষদর্শীদের ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়। ওই ভিডিওতে রড দিয়ে নির্দয়ভাবে তাসলিমাকে পেটাতে দেখা যায় রেনুকে।
ওই ঘটনার পর রেনুর বোনের ছেলে নাসির উদ্দিন টিটো বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৪০০/৫০০ জনকে আসামি করে থানায় এ মামলা করেন।
ওই মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
এদিকে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না -তা জানতে মঙ্গলবার একটি রুল জারি করেছে হাইকোর্ট।
জননিরাপত্তা বিভাগের সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বাড্ডা থানার ওসি, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা বোর্ডের সভাপতিসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
