২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর গ্যাং: ২৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

ছিনতাই ও মাদক সেবন-বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মুগদা-মাণ্ডা এলাকায় অভিযান চালিয়ে ২৬ কিশোর-যুবককে গ্রেপ্তার করার পর ২৩ জনকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 11:04 AM

Updated : 18 Aug 2022, 05:41 PM

সোমবার বিকাল থেকে রাত দেড়টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তারা এলাকায় মাদক সেবন, ছিনতাই, মারামারি, চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ওই এলাকার কিশোর-তরুণদের গ্যাং 'ডেভিলস কিং', 'চান-যাদু' ও 'আগুন' এর সঙ্গে জড়িত তারা।”

গ্রেপ্তারদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বাকি ২৩ জনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দিয়ে পাঠানো হয়েছে কারাগারে।

গ্রেপ্তার তরুণদের অধিকাংশকে গাঁজা সেবনরত অবস্থায় ধরা হয় জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “এলাকায় ইভটিজিং থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সাঙ্গে জড়িত।”