২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু নিয়ে বাংলাদেশকে কমনওয়েলথে নেতৃত্ব দেওয়ার আহ্বান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও কমনওয়েলথ ‘ব্লু চার্টার’ বাস্তবায়নে বাংলাদেশকে কমনওয়েলথে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 05:44 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

লন্ডনের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বর্তমানে লন্ডনে আছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “কমনওয়েলথ মহাসচিব বলেছেন, কমনওয়েলথ ব্লু চার্টার এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া উচিত।”

‘কমনওয়েলথ ব্লু চার্টার’ মহাসাগর সংক্রান্ত নানা সমস্যার সমাধান এবং টেকসই মহাসাগর উন্নয়নের লক্ষ্যে কমনওয়েলথ সদস্যভুক্ত ৫৩টি সদস্য দেশের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার একটি অঙ্গীকারনামা।

প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবের প্রস্তাবে সম্মত হয়েছেন এবং বলেছেন, তার সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে।”

বৈঠকে প্রধানমন্ত্রী ও কমনওয়েলথ মহাসচিব তথ্য প্রযুক্তি খাত এবং এসডিজি বাস্তবায়নে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

ইহসানুল করিম বলেন, “প্যাট্রিসিয়া তথ্য প্রযুক্তি খাতে এবং এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নের অগ্রগতিতে বাংলাদেশের চমকপ্রদ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

“কমনওয়েলথ মহাসচিব বলেন, এ বছর কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী সম্মেলনেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, মুখ্য সচিব নজিবুর রহমান ও লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা সংকট

আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধানের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় লন্ডনে শেখ হাসিনার সঙ্গে লর্ড আহমেদ অব উইম্বলডন সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।  

প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া আমাদের জন্য বিরাট বোঝা। আমরা আলাপ-আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করতে চাই।”

যুক্তরাজ্যের কমনওয়েলথ ও জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা লর্ড আহমেদ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তার দেশের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোহিঙ্গা সংকট সম্পর্কে অবগত বলেও জানান তিনি।

সাক্ষাতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং লর্ড আহমেদ একমত পোষণ করেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সকল ধর্ম ও মতের মানুষ এদেশে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে।”

প্রধানমন্ত্রী ও লর্ড আহমেদ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত ব্রেক্সিট ইস্যু নিয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গতিশীল নেতৃত্বে’ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন লর্ড আহমেদ।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “একমাত্র শিক্ষাই নারীর ক্ষমতায়নের নিশ্চয়তা বিধান করতে পারে।”

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে উভয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এই বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা।