ভারতেশ্বরী হোমস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
একে অপরের হাত ধরে পথচলার প্রত্যয় নিয়ে পুরনো শিক্ষার্থীদের মিলনমেলায় যাত্রা শুরু করল ভারতেশ্বরী হোমস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বারিধারা কসমোপলিটন ক্লাবে গত শনিবার বিকালে সমবেত হন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা।
ভারতেশ্বরী হোমসের ছাত্রী বা শিক্ষকদের মধ্যে প্রয়াত ও উপস্থিত সদস্যদের হারানো প্রিয়জনদের উদ্দেশে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় তাদের আয়োজন।
প্রাক্তন শিক্ষার্থীদের এই আয়োজনে একে একে নিজেদের পরিচয় তুলে ধরেন তারা। স্মৃতিচারণ পর্বে উঠে আসে ছাত্রজীবনের নানা ঘটনার কথা।
অনুষ্ঠানে ‘পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সহনশীলতা ও সুন্দর দৃষ্টিভঙ্গি’ রাখার পাশাপাশি ‘একে অপরের হাত ধরে পথচলার’ প্রতিশ্রুতি নিয়ে গঠন করা হয় ভারতেশ্বরী হোমস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
মানবহিতৈষী কাজে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকায় ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় বাহাদুর খেতাব পাওয়া রণদা প্রসাদ সাহা ১৯৪৫ সালে তার দাদী ভারতেশ্বরী দেবীর নামে গড়ে তোলেন মেয়েদের আবাসিক স্কুল ভারতেশ্বরী হোমস।
প্রথম বছর ভারতেশ্বরী হোমস অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যোগ হয়েছেন এসএসসি ১৯৬০ ব্যাচ থেকে শুরু করে ২০১৩ ব্যাচের ছাত্রীরা।
অনুষ্ঠানে উপস্থিত অ্যালামনাইদের পক্ষ থেকে বলা হয়, ভারতেশ্বরী হোমস অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন। এর মুখ্য উদ্দেশ্য সাবেক শিক্ষার্থদের মধ্যে বন্ধন দৃঢ় করা।
ভারতেশ্বরী হোমসের প্রাক্তনীদের মধ্যে অনুষ্ঠানে আরও ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস ও অভিনেত্রী কংকন। অনুষ্ঠানে এ সংগঠনের জন্য শুভেচ্ছা বার্তা দেন ভারতেশ্বরী হোমসের প্রাক্তন ছাত্রী অভিনেত্রী আফসানা মিমি।
ভারতেশ্বরী হোমসের এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী মরিয়ম আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দেরিতে হলেও অ্যালামনাই অ্যাসোসিয়েশন হল; এর মাধ্যমে আমরা আবার একটি পরিবারের মত একত্রিত হয়ে একজন আরেকজনের শক্তিতে পরিণত হব, এই আমার প্রত্যাশা।”
