২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের আরও ৫ লাখ টাকা পেলেন রাসেল

বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের আরও পাঁচ লাখ টাকা পরিশোধ করেছে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 01:25 PM

Updated : 08 Apr 2022, 04:30 PM

এ নিয়ে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা পেলেন রাসেল। এর আগে গত ১০ এপ্রিল পাঁচ লাখ টাকা দিয়েছিল গ্রিনলাইন। 

এখন প্রতি মাসে সমানসংখ্যক কিস্তিতে আরও ৪০ লাখ টাকা টাকা পরিশোধ করতে হবে গ্রিনলাইনকে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চে সোমবার রাসেল সরকারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন গ্রিনলাইনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

এ সময় রাসেলের পক্ষে ছিলেন আইনজীবী মো. জহিরুদ্দিন লিমন ও আইনজীবী সরদার জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাসার।

পরে রাসেলের আইনজীবী মো. জহিরুদ্দিন লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ রাসেলকে গ্রিনলাইন কর্তৃপক্ষ আরও পাঁচ লাখ টাকার চেক দিয়েছে। এ নিয়ে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করেছে গ্রিনলাইন কর্তৃপক্ষ।

“গ্রিনলাইন অগাস্টের কিস্তি হিসেবে এই ৫ লাখ টাকা দিয়েছে। জুলাই থকে তাদের এ কিস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু তারা সেটা করেনি। এটা আদালতের আদেশের লঙ্ঘন, যে কারণে আদালত গ্রিনলাইনকে সতর্ক করে দিয়ে বলেছে, ভবিষ্যতে যেন এ আদেশের ব্যত্যয় না ঘটে। গ্রিনলাইন পরিবহনের আইনজীবীও বলেছেন, আদেশ অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখের মধ্যেই টাকা পরিশোধ করা হবে।”

গত ১২ মার্চ হাই কোর্ট রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়ে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে তার চিকিৎসার খরচও দিতে বলেছিল।

এরপর গত ১০ এপ্রিল রাসেল সরকারের হাতে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকার চেক দেয় গ্রিনলাইন। রাসেলের চিকিৎসা বাবদ আরও সাড়ে তিন লাখ টাকা দেওয়ার কথা সেদিন আদালতকে জানিয়েছিল এই পরিবহন কোম্পানি।

পরবর্তীতে গত ২৫ জুন হাই কোর্ট রাসেলকে প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেয়।

প্রতি মাসের ৭ তারিখের মধ্যে রাসেলকে টাকা দিয়ে ১৫ তারিখের মধ্যে তা আদালতকে জানাতে বলা হয়। সে অনুযায়ী গত ৭ জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি পরিশোধ করার কথা ছিল। কিন্তু গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ সে তারিখে রাসেল বা তার আইনজীবীর সাথে যোগাযোগই করেনি।

গ্রিনলাইন আদালতের নির্দেশ না মানায় তাদের আইনজীবী অজি উল্লাহ গত ১৬ জুলাই নিজেকে মামলা থেকে প্রত্যাহার করে নেন।

পরে গত ২১ জুলাই গ্রিনলাইনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক টাকা পরিশোধ করতে এক সপ্তাহের সময় নিয়েছিলেন। সে অনুযায়ীই সোমবার আরও পাঁচ লাখ টাকা পরিশোধ করা হল। 

গত বছরের ২৮ এপ্রিল যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাস চাপা দেয় প্রাইভেটকার চালক রাসেল সরকারকে। তাকে বাঁচাতে একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।

রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণ চেয়ে সাবেক সাংসদ উম্মে কুলসুমের করা এক রিট আবেদনে চিকিৎসা খরচ বাদেও ৫০ লাখ টাকা দিতে গ্রিনলাইনকে নির্দেশ দেয় হাই কোর্ট। পরে আপিল বিভাগেও ওই আদেশ বহাল থাকে।

এরপর গত ১০ এপ্রিল রাসেল সরকারকে ৫ লাখ টাকা পরিশোধ করে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ বাকি ৪৫ লাখ টাকা পরিশোধের জন্য এক মাস সময় পায়।

ওই সময় পেরিয়ে যাওয়ার পরও আর কোনো অর্থ তারা পরিশোধ না করায় গত ১৫ মে আদালত আরও সাত দিন সময় দিয়ে পুরো অর্থ পরিশোধের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিল।

এর পরও গ্রিনলাইন পরিবহন পা হারানো রাসেলকে কোনো টাকা না দেওয়ায় সর্বশেষ গত ২৫ জুন ক্ষতিপূরণের টাকা কিস্তিতে পরিশোধের আদেশ দেয় আদালত।

পুরনো খবর:

রাসেলকে ক্ষতিপূরণের প্রথম কিস্তি পরিশোধে এক সপ্তাহ পেল গ্রিনলাইন