স্ত্রীকে বাঁচাতে গিয়ে পুড়লেন স্বামীও
ঢাকার কেরাণীগঞ্জে রান্নার সময় গ্যাসের আগুনে পুড়তে থাকা স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার চেয়ে বেশি দগ্ধ হয়েছেন স্বামী।
কেরানীগঞ্জের জিঞ্জিরা হুক্কা পট্টির বাসিন্দা হাজাম আলমগীর (৪০) ও স্ত্রী বীনা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান।
আলমগীরের শরীরের ৭০ শতাংশ এবং তার স্ত্রী বীনার দেহের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।
এই দম্পতির ছেলে আবির সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে তার মায়ের শরীরে আগুন লাগে। তখন মায়ের চিৎকারে তার বাবা গেলে তিনিও দগ্ধ হন।
পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
