২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য ব্যবস্থাপনায় অবদানে স্বর্ণপদক পেল নৌবাহিনী

মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯’ এ স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2019, 08:09 PM

Updated : 18 Aug 2022, 05:32 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর হাতে স্বর্ণপদক তুলে দেন।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকারের সময়োপযোগী ও কার্যকরী নির্দেশনায় দেশের আভ্যন্তরীণ নদ-নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় সারা বছর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের ‘অপারেশান জাটকা’ এবং ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনার ফলে গত ১০ বছরে ইলিশ উৎপাদনের গড় প্রবৃদ্ধি ৫.২৬ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে। এর ফলে ইলিশ আহরণে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষস্থানে।

এতে আরও বলা হয়, গত ২০০৮-২০০৯ সালে দেশে ইলিশের মোট উৎপাদন ছিল ৩ দশমিক ১৩ লক্ষ মেট্রিক টন, ২০১৭-২০১৮ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৭ লক্ষ মেট্রিক টনে, যা দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ এবং এর চলতি বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ২০০১ সাল থেকে প্রতি বছর ‘অপারেশান জাটকা’ এবং ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনা করে আসছে।
এ অভিযানে নৌবাহিনীর পাঁচ থেকে সাতটি জাহাজ সার্বক্ষণিক দেশের আভ্যন্তরীণ নদ-নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় মোতায়েন থাকে। এর ফলে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা আটক এবং পোনা উদ্ধার করা সম্ভব হচ্ছে।
গত ২০১৮-২০১৯ অর্থ বছরে নৌবাহিনী অপারেশান জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে অবৈধ জাল, নৌকা ও পোনা উদ্ধার করে।
এর আগে ২০০৩ সালেও নৌবাহিনী জাতীয় মৎস্য পুরস্কারে স্বর্ণপদক পেয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নৌবাহিনী ৭৩ কোটি ৯৫ হাজার ৪২২ মিটার অবৈধ জাল, ২৫৮ টি নৌকা, ১ লক্ষ ৬৭ হাজার ২৫০ কেজি জাটকা এবং ১১ লক্ষ ৫০ হাজার রেনু পোনা উদ্ধার করে।