ঢাবিতে অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলন শুরু ৬ জুলাই
'টেকসই উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি' প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে অর্থনীতিবিদদের নিয়ে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুরো অফ ইকনমিক রিসার্চ এবং অর্থনীতি বিভাগের উদ্যোগে ৬ এবং ৭ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ৬ জুলাই সকাল সাড়ে ৯টায় এই সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার বিকালে ব্যুরো অফ ইকনমিক রিসার্চের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের পরিচালক অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. নাজমা বেগম।
এই সময় উপস্থিত ছিলেন ব্যুরো অফ ইকনমিক রিসার্চের চেয়ারম্যান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান।
সংবাদ সম্মেলনে নাজমা বেগম বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের হচ্ছে কিন্তু এই প্রবৃদ্ধির বেনিফিট আসলে সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
“এই জন্য আমরা যারা গবেষক, শিক্ষক আছি তারা চিন্তা করলাম যে কীভাবে এই বেনিফিট সবার কাছে পৌঁছে দেওয়া যায় অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের জন্য আমরা কীভাবে এর বাধা-বিপত্তিগুলো দূর করতে পারি সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা এই সম্মেলনের আয়োজন করি। যেখানে আমরা আমাদের ধারণা এবং মতামত তুলে ধরব।”
সংবাদ সম্মেলনে বলা হয়, দুইদিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের গবেষকদের মোট ৩০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।
এছাড়াও কানাডা, ইউএসএ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে আসা গবেষকরাও এতে অংশ নেবেন।
শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে এই সম্মেলনে অংশ নিতে পারবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
