২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিংয়ের নামে যৌন নিপীড়ন: ঢাকায় এক ব্যক্তি গ্রেপ্তার

কোচিং সেন্টার খুলে স্কুলশিশুদের যৌন নিপীড়নের অভিযোগে ঢাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 12:59 AM

Updated : 18 Aug 2022, 05:27 PM

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল হোসেন (৪৫)। তিনি মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা।

নুরজাহান রোডে স্কুলের পাশে একটি ভবনে হোসেন কোচিং সেন্টার খুলেছিলেন। সেখানে ভর্তি হওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা হলে হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই স্কুলের এক শিক্ষার্থীর ভাই থানায় লিখিত অভিযোগ করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর আরও কয়েকজন শিক্ষার্থী মুখ খুলতে শুরু করে।”

বুধবার গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে একদিনের হেফাজতে আনা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শরীফ।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন তার জড়িত থাকার কথা অস্বীকার করলেও থানায় এসে বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী যৌন নির্যাতনের বর্ণনা দিয়েছেন।”