ইভিএমে বগুড়া উপ-নির্বাচন সোমবার
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন সোমবার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য হওয়া এ আসনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট চলবে।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, কড়া নিরাপত্তা ব্যবস্থায় ইভিএমে ভোট নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। ১৪১টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ১১টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন থাকবেন পুলিশ, আনসার, র্যাবসহ প্রায় তিন হাজার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য।
ভোটার
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯১ হাজার ৬৬৮ জন ও মহিলা এক লাখ ৯৫ হাজার ৭৯০ জন।
১৪১টি ভোটকেন্দ্রের ৯৬৫টি ভোটকক্ষ রয়েছে।
প্রার্থী
নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম টি জামান নিকেতা (নৌকা), বিএনপির প্রার্থী দলের জেলা আহ্বায়ক সাবেক এমপি গোলাম মো. সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দলের জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু (ট্রাক) ও মো. মিনহাজ (আপেল)।
আসাদুজ্জামান জানান, প্রতি ভোটকেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৯ জন করে ফোর্স মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে র্যাবের ১৪টি, পুলিশের ১৩টি টিম এবং ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।
এছাড়া ২৬ জন নির্বাহী হাকিম, দুইটি বিচারিক হাকিমের টিম ও ১২ জন পর্যবেক্ষক তাদের দায়িত্ব পালন করবেন।
সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়ে ইতোমধ্যে বগুড়ায় আইন-শৃঙ্খলা সভায় সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, ইভিএম নতুন পদ্ধতি হলেও এতে ভোট প্রদান খুব সহজ। স্বচ্ছভাবে ভোট দেওয়া যায়। ভোট শেষে এক দেড়-ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব। আগের মতো রাত জেগে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।
একাদশ সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ছয়টি আসন ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ এ ইভিএমে ভোট হয়। এরপর বগুড়া-৬ আসনের উপ নির্বাচন ইভিএমে ভোট হচ্ছে।
