২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষানটেকে মা-মেয়েকে পুড়িয়ে হত্যাচেষ্টায় দুজন কারাগারে

রাজধানীর ভাষানটেকে এক কলেজছাত্রী ও তার মাকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2019, 07:22 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রোববার তাদের কারাগারে পাঠানোর পাশাপাশি মামলার প্রধান আসামি মাওলানা মাশুক রেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

গত ১৬ এপ্রিল ভাষানটেকে ‘বাড়ি দখলের’ চেষ্টায় বাধা দিলে বাড়ির মালিকের স্ত্রী ও তার মেয়েকে মাশুক রেজার নেতৃত্বে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এতে বলা হয়, অগ্নিদগ্ধ অবস্থায় মা-মেয়েকে হাসপাতলে নেওয়ার পথে আসামিরা রাস্তায় বাধা দেন এবং তাদের লাঞ্ছিত করেন।

ভাষানটেক থানায় মামলাটি হওয়ার পর মাওলানা মাশুক রেজাসহ পাঁচ আসামি হাই কোর্ট থেকে ১০ দিনের আগাম জামিন নেন। রোববার আসামি মাসুম বিল্লাহ, সবুজ মিয়া, সরদার মাহমুদ, ইয়াছিন আলী সিদ্দিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

বিচারক মাসুম বিল্লাহ ও সবুজের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান এবং সরদার মাহমুদ ও ইয়াছিন আলী সিদ্দিককে জামিন দেন।

এ সময় আদালতে হাজির না হওয়ায় মূল আসামি মাশুক রেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে সংশ্লিষ্ট আদালতের পেশকার ফয়েজ আহমেদ জানিয়েছেন।