২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রায় প্রাণ গেছে ২০১ জনের: রোড সেইফটি ফাউন্ডেশন

ঈদের আগে ও পরে দুই সপ্তাহে সারাদেশে নৌ, সড়ক এবং রেলপথে ১৫৩টি দুর্ঘটনায় ২০১ জনের মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2019, 10:23 PM

Updated : 18 Aug 2022, 05:24 PM

গত ২৯ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৪ দিনে নানা দুর্ঘটনায় হতাহতের এই পরিসংখ্যান তুলে ধরেছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।

গত ৫ জুন সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ৪ জুন থেকে সরকারি ছুটি ঘোষণা করা হলেও শুক্র-শনির সাপ্তাহিক ছুটি মিলিয়ে কয়েকদিন আগে থেকেই গ্রামের বাড়ির পথে রওনা হন অনেকে।

রোড সেইফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, সড়ক পথে এবার দুর্ঘটনা ঘটেছে ১৪৮টি। নিহত হয়েছেন ১৯৭ জন, আহত হয়েছেন ৪০২ জন।  

নিহতদের মধ্যে শিশু ১৫ জন, নারী ২২ জন। ৪৯টি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৫ জন। ৫৬টি দুর্ঘটনা ঘটেছে মহাসড়কে।

রেলপথে ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন; আর নৌ-পথে দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।  

বিভিন্ন দৈনিক পত্রিকা, পত্রিকার অনলাইন সংস্করণ, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেলের সংবাদ ও তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন। এসব দুর্ঘটনার পেছনে ছয়টি কারণও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে- যানবাহনের ফিটনেস, অতিরিক্ত গতি বা ওভারটেক করার প্রবণতা, সড়ক-মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল, যাত্রী ও পথচারীদের অসচেতনতা।

রোড সেইফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “বাসে, লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা বন্ধ হয়নি এবারও। অনলাইনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে প্রযুক্তিগত সমস্যার কারণে ও পরে শিডিউল জটিলতায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।”

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিছু সুপারিশও দিয়েছে সংগঠনটি।

সাইদুর রহমান বলেন, “বাধাহীনভাবে পরিবহন পরিচালনা নীতি ও ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে। ঈদের আগে ঘরমুখো যাত্রা এবং ঈদ পরবর্তী কর্মস্থলমুখী যাত্রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর মনিটরিং ব্যবস্থা থাকতে হবে।”