এখনও অনেকে ধরছেন বাড়ির পথ, চলছে ঘোরাঘুরি
ঈদের পরদিনও গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন অনেকে; অন্যদিকে ফাঁকা ঢাকায় চলছে ইচ্ছেমতো ঘোরাঘুরি।
এই সুযোগে নতুন গাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার রাস্তায় ঘুরে বেড়ানোর ঘটনাও ঘটল।
বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি এসে বাগড়া দিলেও তা বাধা হতে পারেনি ঈদ-আনন্দে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে কেউ কেউ ছোটেন আত্মীয়ের বাড়ি, আবার দিনভরই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ।
ঈদের পরদিন বৃহস্পতিবার ঢাকার শ্যামলীতে ওয়ান্ডারল্যান্ডে ছিল উপচেপড়া ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভি
আনোয়ার হোসেন বলেন, “বাড়িতে আমার আম্মা আছেন, তার বয়স ৯১। তাকে দেখতে তো যেতেই হবে। গতকাল যেতে পারি নাই, তাই কান্নাকাটি করেছেন। ছেলে-মেয়ে, নাতিপুতি সবাইকে নিয়ে যাচ্ছি।”
গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বাস কাউন্টারগুলোতে এদিনও ঘরমুখো মানুষের দেখা মিলেছে।
শরীয়তপুরের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা ফাহমিদা হক বলেন, “শ্বশুরবাড়ি ঢাকাতেই, তাই ঈদের দিনটি ওদের সঙ্গে কাটাতে হয়েছে। আমার মা নেই, বাবা আছেন এখনও। ছেলেকে নিয়ে তাই বাবা বাড়ি যাচ্ছি। বাবা আমাদের পথ চেয়ে আছেন।”
ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে ঈদ আনন্দের ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আসিফ মাহমুদ অভি
তিনি বলেন, “বোনের বাসায় যাই না অনেক দিন হল। ঈদে বাসায় অনেক আত্মীয়- স্বজন আসে। তাই যাওয়া হয়নি। আজকে একটু অবসর পাইলাম। তাই যাচ্ছি।”
শান্তিনগরের বাসিন্দা শরীফ আহমেদ জানান, ঈদুল ফিতরের কয়েক দিন আগেই নতুন প্রাইভেটকার কিনেছেন। সেই গাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি দিনভর ঘুরছেন ঢাকার বিভিন্ন প্রান্তে।
পুরান ঢাকার নর্থ সাউথ রোডের বাসিন্দা তানজিম-উল-ইসলাম জানান, পারিবারিক ঐতিহ্য ধরে রেখে তারা এদিনও মুখরোচক খাবার দেওয়া-নেওয়া করেন পড়শীদের সঙ্গে।
তিনি বলেন, “প্রতিবারই বিশেষ খাবার রান্না করা হয় ঈদুল ফিতরে। এই এলাকাতেই আমাদের অনেক আত্মীয় স্বজন আর দীর্ঘ দিনের চেনাজানা পাড়া প্রতিবেশী। এদিন আমরা নিজেদের বাসায় রান্না করা খাবার শেয়ার করি।”
ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে ঈদ আনন্দের ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আসিফ মাহমুদ অভি
মু্ন্না বলেন, “আমাদের স্কুল জীবন ঢাকাতেই কেটেছিল। স্কুলের সব বন্ধুরা একত্রিত হয়ে ঈদের ছুটিতে ঘুরে বেড়াই। এবার আমরা বাগেরহাটে যাব। ওদিকের সুন্দরবন দেখা হয়নি।”
খিলগাঁওয়ের বাসিন্দা অনির্বাণ রায় স্ত্রী সুপর্ণাকে নিয়ে বেরিয়েছিলেন রিকশাভ্রমণে।
সুপর্ণা বলেন, “ঈদের সময় ঢাকা একটু ফাঁকা পাওয়া যায়। তাই রিকশা করে আজ সারা ঢাকা ঘুরব।”
বৃহস্পতিবার সকালে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় দেখা যায় যানজট।
ঈদের পরদিন মিরপুরের চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে নানা বয়সী মানুষের ভিড় দেখা যায়। ছবি: মাহমুদ জামান অভি
মহাখালী থেকে উত্তরায় আত্মীয় বাড়িতে বেড়াতে গেছেন জাহিদ ইসলাম। মহাখালী বাসস্ট্যান্ড থেকে রাইড শেয়ারিংয়ের গাড়িতে উত্তরা রাজলক্ষ্মীতে পৌছাতে তার সময় লেগেছে ১৭ মিনিট।
ঘনবসতিপূর্ণ এলাকায় মিরপুরে ব্যক্তিগত যানবাহন তেমন চোখে পড়েনি। তবে মিরপুর রুটে বাস চলাচল করেছে অন্যান্য দিনের তুলনায় কম।
লম্বা গলার জিরাফ দেখতে চিড়িয়াখানায় বাবার কাঁধে এক শিশু । ছবি: মাহমুদ জামান অভি
মেট্রোরেলের নির্মাণ কাজ চলায় সোহরাওয়ার্দী উদ্যানে এবার ভিড় ছিল তুলনামূলক কম।
বিকাল হতে হাতিরঝিল এলাকা হয়ে উঠে জনারণ্য। রামপুরা ব্রিজ, পুলিশ প্লাজা, এফডিসি ও মধুবাগ পয়েন্টের প্রতিটিতে ভিড় করেছিলেন মানুষ।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারায় যানবাহন চলাচল ছিল হাতেগোনা। অভিজাত রেস্তোরাঁগুলোও খোলেনি ঝাঁপি।
