তিল ঠাঁই নেই সদরঘাটে
ঈদ এগিয়ে আসায় বাড়িঘরে ফিরতে মরিয়া মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে।
সোমবার বিকাল থেকেই যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল কর্তৃপক্ষকে। সন্ধ্যার দিকে যাত্রীর চাপ প্রকট আকার ধারণ করে।
সকালে চাঁদপুরগামী যাত্রীদের বেশি ভিড় হয় লালকুঠি ঘাটে। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী রুটের লঞ্চগুলোতেও একই অবস্থা দেখা গেছে।
বিআইডব্লিউটিএর পরিচালক শফিকুল হক বলেন, রোববার সদরঘাট থেকে ১১৩টি লঞ্চ ছেড়ে যায়, আর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১০৫টি লঞ্চ ছেড়েছে।
ঈদের ছুটিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে সোমবার বিকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ছবি: মোস্তাফিজুর রহমান
লঞ্চের ছাদে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও শুনছেন না যাত্রীরা। সোমবার বিকালে এরকম অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট ছাড়তে দেখা যায় লঞ্চগুলোকে। ছবি: মোস্তাফিজুর রহমান
সদরঘাট থেকে দেশের ৪৩টি নৌ-রুটের দুই শতাধিক লঞ্চ চলে।
সদরঘাট দিয়ে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদার।
আড়াইশর বেশি পুলিশ সদস্য পালা করে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। চল্লিশটির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান।
পুলিশ ছাড়াও, নৌপুলিশ, র্যাব, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও বিপুল সংখ্যক স্বেচ্ছসেবকও দায়িত্ব পালন করছেন। ১২ জুন পর্যন্ত এই ব্যবস্থা থাকবে।
