২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীর চাপ বেড়েছে সদরঘাটে

ঈদ সামনে রেখে নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপ বেড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 01:08 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

সোমবার সরকারি ছুটির দিন না হলেও ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাটে যাত্রীর ভিড় দেখা গেছে।

সকালে লালকুঠির ঘাটে চাঁদপুরগামী যাত্রীদের সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী রুটেও বেশ ভিড় ছিল।

গত চারদিন সকালে যাত্রীদের সামান্য চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতো। কিন্তু সকাল থেকে যাত্রীর চাপ ক্রমাগত বাড়ছে।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, রোববার সদরঘাট থেকে ১১৩টি লঞ্চ ছেড়ে যায়। সোমবার সকাল ১১টা পর্যন্ত ৪১টি লঞ্চ ছেড়ে যায়।

এমভি রেডসান লঞ্চের কর্মচারী মো. শরিফ বলেন, “যাত্রীর চাপ থাকলেও উপচে পড়া ভিড় নেই। আগে ঈদের সময় পন্টুনগুলোতে লোকে ঠাসা ছিল।বিকাল থেকে উপচে পড়া ভিড় হবে বলে আশা করছি।”

এমভি আওলাদ লঞ্চের ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, আগে লঞ্চগুলো ছোট ছিল। এখন বড় বড় লঞ্চ হয়েছে। তাই পন্টুন ঠাসা যাত্রী দেখা যাবে না।

সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪৩টি নৌ-রুট রয়েছে আর যাত্রীবাহী লঞ্চ রয়েছে দুই শতাধিক।

কোতয়ালী থানারপরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদার জানান, সদরঘাট দিয়ে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৮২ জন মহানগর পুলিশ সদস্য পালাবদল করে ২৪ ঘণ্টা ডিউটি দিচ্ছে।

“৪০টির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।১২ জুন পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”

মহানগর পুলিশ ছাড়াও, নৌপুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও দায়িত্বে রয়েছে।