গুলিস্তানে বিস্ফোরিত ককটেলটি ভিন্ন ধরনের: ডিএমপি কমিশনার
গুলিস্তানে সোমবার যে ককটেলের বিস্ফোরণে পুলিশসহ তিনজন আহত হয়েছেন সেটি সাধারণ ককটেলের চেয়ে ভিন্ন ধরনের ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা ছাড়াও উগ্রবাদকে কেন্দ্র করে কোনো মহল উদ্দেশ্য হাসিলের জন্য এ কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তান আন্ডারপাসের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণে আহত হন ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী এবং কমিউনিটি পুলিশের সদস্য আশিক। রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেলে যান পুলিশ কমিশনার।
এসময় সাংবাদিকদের প্রশ্নে আছাদুজ্জামান মিয়া বলেন, “গতকাল যে ককটেলটি বিস্ফোরিত হয়েছে তা সাধারণ ককটেল থেকে একটু ভিন্নতর।”
তবে বিস্ফোরণ ঘটানো ককটেলটি কি ধরনের ছিল তা ব্যাখ্যা করেননি তিনি।
ঘটনার তদন্তের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, “আমাদের বোম্ব ডিসপোজাল টিম ও সিটিটিসির বিশেষজ্ঞ অফিসারেরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের ধরন, ইনজুরির ধরন ও প্রয়োজনীয় এভিডেন্স সংগ্রহ করেছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করে আমরা দেখছি। ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।”
পুলিশের ওপর এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকার পুলিশ কমিশনার বলেন, “সারা বিশ্বে যে উগ্রবাদের প্রভাব আছে, বাংলাদেশ তার বাইরে না। তবে সংঘবদ্ধ বড় ধরনের কোনো নাশকতা করার সক্ষমতা আমাদের দেশে তাদের নেই।”
“২০১৬ সালে হলি আর্টিজানের পরে আমরা রীতিমত তাদের নেটওয়ার্ককে বিধ্বস্ত করেছি। কখনও কখনও তারা বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা করার অপচেষ্টা করে, সেগুলো আমরা নজরদারিতে রাখি।”
তিনি বলেন, “জনগণের জানমাল রক্ষার জন্য, এ দেশের মানুষকে রক্ষার জন্য, যেকোনো ধরনের নৈরাজ্য বন্ধের জন্যে, উগ্রবাদ দমানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সুসমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে আমরা তৎপর আছি।”
ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন পুলিশ সদস্যরা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
