২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের অনুষ্ঠানে সময়ের বিধিনিষিধ শিথিলের দাবি

পহেলা বৈশাখে উন্মুক্ত পরিসরে আয়োজিত বর্ষ বরণের সব আয়োজন বিকাল ৫টার আগে শেষ করার যে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, তা শিথিলের দাবি জানিয়েছে আটটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 11:40 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

বৈশাখের তিন দিন আগে বুধবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

নিরাপত্তার কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পহেলা বৈশাখে উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে বলেছে।

সংস্কৃতি মন্ত্রণালয় যখন বৈশাখ বরণের বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি-নিষেধ আরোপ ‘সাংঘর্ষিক’ হিসেবে দেখছে জাতীয় এই সংস্কৃতি সংগঠনগুলো।

বিবৃতিতে বলা হয়,  “বাঙালির সব চাইতে বড় অসাম্প্রদায়িক উৎসবকে চিরায়ত পন্থায় উদযাপিত হতে দেওয়া উচিৎ।

“সরকার এক দিকে বাংলা নববর্ষ আয়োজনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অর্থ বরাদ্দ প্রদান করেছে, অপরদিকে প্রাণের উৎসবকে সময়ের শেকলে আবদ্ধ করছে, যা বিদ্যমান নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।”

বহুকাল ধরে বৈশাখী উৎসব পালিত হয়ে এলেও গত কিছু কাল ধরে একে ‘হিন্দুয়ানি, অনৈসলামিক’ বলে প্রচার চালাচ্ছে একদল। প্রায় দুই দশক আগে রমনায় বর্ষবণের উৎসবে বোমাহামলা চালানো জঙ্গিরা এই বিশ্বাস ধারণ করেই হামলা চালিয়েছিলেন।

ওই ঘটনার পর জঙ্গি উত্থানের প্রেক্ষাপটে গত কয়েক বছর ধরেই নববর্ষের অনুষ্ঠানে সময়সীমা বেঁধে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।