২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহস্থের গোয়ালে গিয়ে গরু পরীক্ষা নয়: বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত এলাকার বাজারে বা গৃহস্থের গোয়ালে গিয়ে গরু পরীক্ষা না করতে বিজিবিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 10:49 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

বৃহস্পতিবার বিজিবির সদরদপ্তর পিলখানায় এক মতবিনিময় সভায় বাহিনীর সদস্যদের ‘অতি উৎসাহী’ হয়ে কোনো কাজ না করারও পরামর্শ দেন তিনি।

সভায় সীমান্ত এলাকার জেলাগুলোর সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক ছাড়াও পুলিশ প্রধান, র‌্যাব প্রধান, বিজিবি প্রধান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদক ও মানব পাচার এবং চোলাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমস্যা চিহ্নিত করতে এই সভা হয়।

সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় মাদক চোরাচালানের বিস্তারিত তুলে ধরেন প্রতিকার চান।

অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও দিনাজপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম অনুষ্ঠানে বক্তব্য দেন।  

সবার বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশি গরু দিয়েই আমদের চাহিদা মেটানো হচ্ছে। ফলে পাচারও কমে আসছে। এসব পরিস্থিতিতে বিজিবি সীমান্তে তার নির্ধারিত দায়িত্ব পালন করলেই হবে। কোনো বাজার বা গোয়াল ঘরে গিয়ে গরু পরীক্ষা না করলেও চলবে।”

কোনো বিজিবি সদস্য ‘অতি উৎসাহী’ হয়ে নির্ধারিত দায়িত্বের বাইরে কোনো কাজ যেন না করেন, সে বিষয়ে সতর্ক করেন তিনি।

সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিনজন নিহত হয়। গ্রামবাসীর অভিযোগ, বিজিবি সদস্যরা বিভিন্ন বাড়িতে গিয়ে গৃহস্থের গরুও চোরাই গরু বলে নিয়ে যাচ্ছিল।

উপস্থিত এক সংসদ সদস্য অভিযোগ করেন, তার এলাকায় ‘মাদক ব্যবসায়ীর টাকায়’ প্রশাসনের লোকজন অনুষ্ঠান করেন।

মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের কর্তাদের সখ্যের কারণে সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন কয়েকজন সংসদ সদস্য।

মাদকের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন দেখতে চান সবাই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই মিলে মাদক নির্মূল করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। কোনো মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া যাবে না। বর্তমান সরকার মাদক আইনকে আরো যুপোযোগী করছে। ইয়াবাকে মাদকের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কারাগারে যত বন্দি আছে তার অর্ধেকের বেশি মাদক মামলায় বলে জানান তিনি।

র‌্যাব, পুলিশ, কোস্টগার্ডের পাশাপাশি বিজিবিকেও আরও আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “খুব শিগগিরই বিজিবিতে আরও ১৫ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে। যুক্ত করা হচ্ছে হেলিকপ্টার।”

সীমান্তে চোরাচালান বন্ধে কাজ চলছে জানিয়ে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে সর্বাত্মক সহযোগিতা আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

“সকলের সম্মিলিত চেষ্টাই পারে এ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে।”

তিনি জানান, সীমান্তবর্তী দেশ ভারতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নিয়মিত আলোচনার পাশপাশি সীমান্তে হত্যা বন্ধে সাম্প্রতিক আলেচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে। মিয়ানমারের সাথে একইভাবে আলোচনা চলছে।