ফাটল ধরেছে এফআর টাওয়ারের স্ল্যাব ও বিমে
ঢাকার বনানীতে আগুনে পোড়া এফআর টাওয়ারের স্ল্যাব ও বিমে ফাটল ধরেছে জানিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তদন্ত দল বলেছে, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তবে ২৩ তলা বাণিজ্যিক ভবনটি আবার ব্যবহার করা যাবে কি না, তা জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তদন্ত দলের সদস্য বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী।
অগ্নিকাণ্ডের তিন দিনের মাথায় রোববার ঘটনাস্থল পরিদর্শন করে রাজউকের ছয় সদস্যের তদন্ত দল। বুয়েট ও সিটি করপোরেশনের প্রতিনিধিরাও ওই তদন্ত দলে ছিলেন। তারা ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন।
অধ্যাপক আনসারী পরে সাংবাদিকদের বলেন, “ভবন এখন ঝুঁকিপূর্ণ। পরিপূর্ণ তদন্ত করতে ১৫০ দিন সময় লাগবে। ভবনটি ব্যবহার করা যাবে কিনা- এর আগে আমরা বলতে পারব না।“
অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, “আমাদের যতদূর ধারণা, আগুনের সূত্রপাত হয়েছে ৮ তলার দক্ষিণ-পশ্চিম দিক থেকে, পরে তা ছড়িয়েছে। ভবনের স্ল্যাব ও বিমে ফাটল ধরেছে। তাই ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলছি। ভবনটি টিকবে কি টিকবে না সেটা ১৫০ দিন পরে বলতে পারব।”
রাজউকের তদন্ত দলের সদস্য প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা শামসুদ্দীন আহমেদ চৌধুরী বলেন, “আমরা যেসব ফ্লোরে গিয়েছি সব জায়গায় ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু তা ব্যবহার করা হয়নি। এ কারণে আমরা বলছি দামি দামি অগ্নিনির্বাপক যন্ত্র রাখলেই হবে না, ব্যবহারের জন্য কর্মী দরকার।”
দুর্যোগ ব্যবপস্থাপনা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরাও রোববার ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শী এবং উদ্ধার পাওয়া লোকজনের সঙ্গে কথা বলেছেন।
অগ্নিকাণ্ডের ওই ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভবনের দুই মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলাম ও প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে ইতোমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ। নির্মাতা প্রতিষ্ঠান রূপায়নকে সেখানে আসামি করা হয়েছে।
