‘নারীর অবস্থান পরিবর্তনেই বন্ধ হবে নির্যাতন’
নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধে নারীদের অবস্থানের পরিবর্তনে জোর দিয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজিত ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭: প্রয়োগ ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন তিনি।
তত্ত্বাধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, “আজ আমরা নারীর ক্ষমতায়নের কথা বলছি। পক্ষান্তরে নারীকে তার নিজ ঘরে আটকে রাখার ইন্ধন দিচ্ছি। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নারীর প্রতি সকল নির্যাতন বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি বদলাতে হবে। নারীর অবস্থানের পরিবর্তন করতে হবে।”
অসামঞ্জস্যপূর্ণ উন্নয়নকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, “আর্থিক উন্নয়নে আমরা ধনী হচ্ছি কিন্তু সভ্য হচ্ছি না, যার ফলে নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। নিরাপত্তার অজুহাত দিয়ে মেয়েদের বিয়ে দিয়ে আমরা তাদেরকে আবার একটি অনিরাপদ জায়গায় ঠেলে দিচ্ছি। বাল্যবিবাহ দেওয়ার মাধ্যমে আমরা নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছি।”
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের যুগ্ম সম্পাদক পুলিশ সুপার শেহেলা পারভিন বলেন, “বিগত ১৬ বছরে পুলিশে নারীর সংখ্যা এক শতাংশ থেকে বেড়ে সাত শতাংশ হয়েছে। যা নারীদের সহায়তাপ্রাপ্তিতে অবদান রাখছে, নির্যাতনের শিকার নারীরা মূলত নারী পুলিশের কাছেই মামলা করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে।”
দারিদ্র্য বা নিরাপত্তার অভাবই বাল্যবিবাহের কারণ নয়, যৌতুকও একটি প্রধান কারণ বলে উল্লেখ করে গত চার বছরে যৌতুকের জন্য নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বলে জানান তিনি।
প্রজনন ও স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা আকতার বলেন, “বাল্যবিবাহের ফলে একজন নারী শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। এর বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে এবং ক্ষতিকর দিকগুলোর প্রচারণা করতে হবে।”
‘ক্রিয়েটিং স্পেসেস টু টেক অ্যাকশন অন ভায়োলেন্স এগেইন্সট উইমেন অ্যান্ড গার্লস’ প্রকল্পের আওতায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও অক্সফ্যামের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় ‘আমরাই পারি’ জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক বলেন, “বাল্যবিবাহ নিরোধ আইন পাসের পর গত বছর আইনের বিধিমালা ও জাতীয় কর্মপরিকল্পনা প্রকাশিত হয়। সরকার বলছে, আইন পাসের পর আর বাল্যবিবাহ হচ্ছে না। কিন্তু মাঠ পর্যায়ের তথ্য-উপাত্ত ও ‘আমরাই পারি’র গবেষণায় প্রচুর বাল্যবিবাহের কেস উঠে আসে।”
‘আমরাই পারি’ জোটের জাতীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফরিদা ইয়াসমীন অনুষ্ঠানে বাল্যবিবাহ আইন, বিধিমালা এবং জাতীয় কর্মপরিকল্পনা নিয়ে একটি সমন্বিত প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সারাফুজ্জামান আনছারী।
