বঙ্গবন্ধু কাপ গলফের লোগো উন্মোচন
কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হতে যাওয়া এশিয়ান ট্যুরের আসর বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো উন্মোচিত হয়েছে।
সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার বিকালে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তকে সঙ্গে নিয়ে এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার ও রন হক শিকদার এবং ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
এছাড়া বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম-সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান, বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর ব্রান্ডিং ও প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ফরিদুদ্দিন খান রুমী, বাংলাদেশ গলফ ফেডারেশনের কো-অর্ডিনেটর লেফট্যানেন্ট কর্নেল মো. আবদুল বারিও (অব.) উপস্থিত ছিলেন লোগো উন্মোচন অনুষ্ঠানে।
ছবি: আইএসপিআর
বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের সাংগঠনিক কমিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার মো. সাঈদ সিদ্দিকি, মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী এবং টুর্নামেন্ট সাপোর্ট ও গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.) লোগো উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আয়োজকরা আশা করছেন, এ আয়োজন ক্রীড়া জগতে বাংলাদেশের ভাবমূর্তি ‘নতুন এক উচ্চতায়’ নিয়ে যাবে। পাশাপাশি এ ইভেন্ট দেশকে এশিয়ার অন্যতম গলফিং গন্তব্যে পরিণত করা ছাড়াও ক্রীড়া, পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার দ্বার উম্মোচিত করবে।
এ নিয়ে বাংলাদেশে এশিয়ান ট্যুরের পঞ্চম আসর বসছে। শুরুর তিনটি আসরের নাম ছিল বসুন্ধরা বাংলাদেশ ওপেন। ২০১৮ সালে প্রতিযোগিতাটি হয়েছিল এবি ব্যাংক বাংলাদেশ ওপেন নামে।
