বনানীতে আগুনে প্রাণহানিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি এক শোকবার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২তলা এফআর টাওয়ারে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের খবর শোনার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী আগুন নেভানো ও উদ্ধার তৎপরতায় সশস্ত্র বাহিনীসহ ফায়ার সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার নির্দেশ দেন বলে প্রেস সচিব জানিয়েছেন।
বহুতল ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন বলে এর আগে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অথবা বাঁচার চেষ্টায় লাফিয়ে পড়ে।
নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
