বনানী অগ্নিকাণ্ড: কর্মীদের খুঁজছে হেরিটেজ এয়ার এক্সপ্রেস
ঢাকার বনানীর যে বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে, তার ১০ তলায় থাকা হেরিটেজ গ্রুপের বেশ কয়েকজন কর্মীর সন্ধান না পাওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরের এই অগ্নিকাণ্ডে ১৯ জনের মৃত্যু ও অর্ধশত মানুষের আহতের কথা সন্ধ্যার পর জানায় ফায়ার সার্ভিস।
তার আগে সন্ধ্যায় হেরিটেজ এয়ার এক্সপ্রেসের এক্সিকিউটিভ অ্যাকাউন্ট্যান্ট আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন আগুন লেগেছে তখনই যে যার মতো দৌড়াদৌড়ি শুরু করি। আমি নিচ দিয়ে দৌড়ে বের হয়ে আসি। আমার মতো কেউ কেউ নিচ দিয়ে, আবার কেউ ছাদে চলে যায়।
“এখনও ছাদে আটকা আছে কয়েকজন, তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করেছেন। তবে সাতজনের সাথে কোনো যোগাযোগ হয়নি।”
এই সাতজন হলেন- হেরিটেজ এয়ার এক্সপ্রেসের কর্মকর্তা রুমকি আক্তার, জেসমিন সুলতানা, তানজিলা মৌলি, জেবুন্নেছা, নাহিদুল ইসলাম, মিজানুর রহমান ও আতাউর রহমান।
আগুন লাগার সময় ১০ তলায় তাদের দৌড়িদৌড়ি করতে দেখেছেন বলে জানান আলমগীর।
পরে রাতে রুমকি, মৌলি, নাহিদুল ও জেবুন্নেসাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আগুন লাগার সাড়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে হেরিটেজ এক্সপ্রেসের ওমরাহ প্যাকেজ বিভাগের কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালকে ফায়ার সার্ভিস কর্মীরা জীবিত উদ্ধার করে। তাকে মোস্তফা কামালকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২২ তলাবিশিষ্ট এফ আর টাওয়ারের দশম তলায় হেরিটেজ এয়ার এক্সপ্রেস লিমিটেড ও হেরিটেপ গ্রুপের কার্যালয়।
আগুন লাগার সময় পাশাপাশি এই দুই অফিসে ২৫ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন বলে জানান আলমগীর।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমডি ফায়জুল ইসলাম হিরুও আগুন লাগার সময় তার কার্যালয়ে ছিলেন।
তিনি বলেন, “কিছুই বুঝতে পারছিলাম না, হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করে নেমেছি। তখন যে যেভাবে নামার নেমেছে। অনেকে আটকা পড়ে।”
