কলকারখানা অধিদপ্তরের সামনে দুই গার্মেন্টের শ্রমিকদের অবস্থান
কারখানা খুলে দেওয়া ও বকেয়া পাওনা আদায় করে দেওয়ার দাবি নিয়ে কলকারখানা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল ১১টায় কারওয়ান বাজারে অধিদপ্তরের সামনে অবস্থান নেন গাজীপুরের বকুল অ্যাপরালেস ও ঢাকার নাব ফ্যাশনের কয়েকশ শ্রমিক।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার কার্যকারী সভাপতি আজিজুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ কোনো ঘোষণা না দিয়েই ১০ মার্চ থেকে বকুল গার্মেন্টসের উৎপাদন বন্ধ করে দেয়। কারখানা আবার চালু হবে কিনা তা স্পষ্ট করে বলছে না।
“আমরা জেলা প্রশাসককে জানিয়েছি, গাজীপুরের পুলিশ কমিশনারকে জানিয়েছি। কোন সাড়া না পেয়ে এখন কলকারখানা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা।”
কারখানাটির শ্রমিক শিউলি বেগম বলেন, “কোনো ঘোষণা ছাড়া হঠাৎ গার্মেন্ট বন্ধ করে দেয়ায় আমাদের জীবনে অনেক বিপর্যয় নেমে এসেছে। কলকারখানা অধিদপ্তরের নিকট আমাদের আবেদন অবিলম্বে আমাদেরকেকাজ করার সুযোগ তৈরি করে দেওয়া হোক।”
অবস্থান কর্মসূচিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার উপস্থিত ছিলেন।
“এ অবস্থায় আমরা শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী (নো ওয়ার্ক-নো পে) কারখানা বন্ধ ঘোষণা করছি। তারা কলকারখানা অধিদপ্তরের গাজীপুর শাখায় গেলে কর্তৃপক্ষ ২৫ মার্চ আলোচনার দিন ঠিক করে। আমরা সেদিন আলোচনার প্রস্তুতি নিচ্ছি।”
এদিকে একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য সেখানে অবস্থান নিয়েছেন ঢাকার নাব ফ্যাশনসের কয়েকশ শ্রমিক।
এই কারখানার শ্রমিক রফিকুল ইসলাম ও সুমি আক্তার জানান, গত ফেব্রুয়ারি মাসে জানুয়ারির অর্ধেক বেতন দিয়েছে। শ্রমিকদের দাবি হচ্ছে যদি মালিকপক্ষ কারখানা চালাতে না পারে তাহলে তাদের সব পাওনা পরিশোধ করা হোক।
