২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরারের মৃত্যু: সড়কে বিক্ষোভ দ্বিতীয় দিনে

বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় রাজধানীতে টানা দ্বিতীয় দিনের মত রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 10:09 AM

Updated : 10 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

ঢাকার সড়কে ফের শিক্ষার্থী নিহত, দিনভর বিক্ষোভ

প্রথম দিনের বিক্ষোভ নদ্দায় প্রগতি সরণিতে সীমাবদ্ধ থাকলেও বুধবার সকাল থেকে তা ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন অংশে। শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রগতি সরণির পাশাপাশি শাহবাগ মোড়, পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এবং ধানমণ্ডি-২৭ নম্বরে সড়কে ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে যান চলাচল বন্ধ রয়েছে।

ফার্মগেইট ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করেছে বলেও খবর পাওয়া গেছে। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্তীরা ছোট গাড়ি চলাচল করতে দিলেও বাস চলতে বাধা দিচ্ছে।

আগের দিনের ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা নদ্দায় বসুন্ধরা গেইটে জড়ো হতে শুরু করেন। সাড়ে ৯টার দিকে তারা রাস্তায় অবস্থান নিয়ে শুরু করেন বিক্ষোভ। 

আগের দিন সকালে ঠিক ওই জায়গাতেই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার নিহত হন।        

বিইউপির শিক্ষার্থীদের সঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), সিদ্ধেশ্বরী কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বুধবার নদ্দার বিক্ষোভে যোগ দেন।

‘জাস্টিস ফর আবরার’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আর কত রক্ত ঝরতে হবে রাস্তায়’- এরকম নানা স্লোগানে সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। 

শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে প্রগতি সরণি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ কালাচাঁদপুর বাসস্ট্যান্ড এবং কুড়িলে যানবাহন ডাইভারশনের ব্যবস্থা করেছে।

নদ্দায় বিক্ষোভস্থলের কাছে এবং কালাচাঁদপুর বাস স্ট্যান্ড থেকে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তবে কোনো গোলযোগ সেখানে ঘটেনি।

এদিকে বিইউপির শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররাও বুধবার সকালে ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেইট মোট অবরোধের চেষ্টা করে।

তবে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ায় সেখানে যানবাহন চলাচল বিঘ্নিত হয়নি বলে তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার হারুন অর রশিদ জানান।

পরে শিক্ষার্থীরা সেখানে গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা শুরু করে, যেমনটা গত বছর নিরাপদ সড়কের আন্দোলনে দেখা গিয়েছিল।

বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়েও একদল শিক্ষার্থী লাইসেন্স পরীক্ষা শুরু করলে এক পর্যায়ে তারা সড়কের সিটি কলেজ থেকে শাহবাগগামী অংশে বাস চলাচল বন্ধ করে দেয়।

এর মিনিট পনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এসে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে গুরুত্বপূর্ণ ওই মোড় দিয়ে চার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কাছাকাছি সময়ে বিক্ষোভ শুরু হয় ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক এবং ‍পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে।

ধানমণ্ডিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে সড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায় সাহেব বাজার মোড়ে অবস্থান নিলে সদরঘাট, নবাবপুর রোড, ধোলাই খাল, নয়াবাজারমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র সানাউল্লাহ ফাহাদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে তারা ক্লাস-পরীক্ষাও বর্জন করেছেন।

“আমরা নিরাপদ সড়কের জন্য গতবছরও আন্দোলন করেছি। কিন্ত এখন পর্যন্ত কোনো ফল পাইনি। আমাদের দাবি, সরকার সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে যুগোপযোগী একটি আইন প্রণয়ন করবে।”